ঢাকা মেডিক্যাল কলেজের শহীদ ডা. ফজলে রাব্বী হলে ছাত্রদলের এক নেতার কক্ষে ককটেল বিস্ফোরিত হয়েছে। ঐ কক্ষ থেকে ককটেল তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, ফজলে রাব্বী হলের ১৩৩ নম্বর কক্ষে ছাত্রদলের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুমন থাকেন। একটি ব্যাগে থাকা বেশ কয়েকটি ককটেল রাত পৌনে আটটার দিকে একসাথে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঐ কক্ষ থেকে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে। ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিস্ফোরণের পর কক্ষের বাসিন্দাদের পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা কেউ কাপড়ের অনেকগুলো ব্যাগ ঐ কক্ষে নিয়ে যায় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
