ভোলা ও হাতিয়া সংলগ্ন সাগর মোহনা কিছুদিন শান্ত থাকার পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে। ইলিশ মৌসুমে জেলেরা জলদস্যুদের ভয়ে মাছ শিকারে যেতে আতংকবোধ করছে। গত রবিবার রাতে কালাম বাহিনীর একদল সশস্ত্র জলদস্যু ভোলা হাতিয়া সীমান্তে কালামেরচর এলাকায় চারটি মাছ ধরা ট্রলারের উপর আক্রমণ চালায়। ডাকাতি শেষে চারটি ট্রলার অর্ধশত জেলেসহ অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অসমর্থিত সূত্রে জানা গেছে, মুক্তিপণের ব্যাপারে রফা হওয়ার পর তিনটি ট্রলার ছেড়ে দেয়া হয়। অপহরণকালে একটি ট্রলারের মাঝি শফি জলদস্যুদের নির্দেশমতো ট্রলার চালাতে অস্বীকৃতি জানালে জলদস্যুরা তার উপর গুলি চালায়। হাতে গুলিবিদ্ধ ঐ মাঝি ভোলা হাসপাতালে চিকিত্সাধীন আছে। অপহরণকৃত অপর একটি ট্রলার ১৯ জন জেলেসহ এখনো নিখোঁজ। তাদের সন্ধানে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। চারটি ট্রলারই ভোলার দৌলতখানের ছিদ্দিক মাঝির মালিকানাধীন। দৌলতখানের ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতিস্থল তার এলাকায় নয়।
