আমার অনেক ফ্যান

আপডেট : ১১ মে ২০১৯, ১৮:২৭

 

সাঈদ সাহেদুল ইসলাম

 

আমার অনেক ফ্যান রয়েছে

ভাবতে লাগে শান্তি কত!

ফ্যানের জোরে দূর হয়ে যায়

মনের জমা ক্লান্তি-ক্ষত!

 

ফ্যানদেরও তাই সঙ্গে আমি

কাটাই সময় সার্বক্ষণিক,

ফ্যান ছেড়ে কি এই ইদানীং

থাকতে কভু পারব ক্ষণিক?

 

পারব না; ও ফ্যানরা আমার

চারপাশে যে কত্ত ঘোরে,

যার কারণেই দিন কী রাতে

রই খুশি; রই মত্ত ঘোরে!

 

হঠাত্ সেদিন ফ্যানরা আমার

মনের মাঝে বাড়ায় ক্ষত,

দুঃখেই আমি ঘামতে থাকায়

কষ্ট জানেন দাঁড়ায় কত?

 

কষ্ট যা দেয় ফ্যান! তবু কন

দোষটা তাদের দেন কী ছলে

‘এই যে গরম!’ বিদ্যুত্হীনে—

বলুন কোনো ফ্যান কি চলে?