চান্দিনায় এসএসসির প্রশংসাপত্র ৫শ’ টাকা!

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪২
কুমিল্লার চান্দিনায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের পর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে নম্বরপত্র ও প্রশংসাপত্র সংগ্রহ করতে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। প্রতিটি প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীদের দিতে হচ্ছে পাঁচশত টাকা! জানা যায়, চান্দিনা উপজেলার ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ে প্রশংসাপত্র সংগ্রহ করতে শিক্ষার্থীরা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে। ওই বিদ্যালয় থেকে নম্বরপত্র ও প্রশংসাপত্র আনতে বাধ্যতামূলক পাঁচশত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আর ওই টাকা থেকে রেহাই পায় না হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরাও। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ মজুমদার এই প্রতিবেদককে জানান, ‘যে কোন বিদ্যালয় থেকেই প্রশংসাপত্র আনতে শিক্ষার্থীদের টাকা দিতে হয়’। অন্য বিদ্যালয়ে কত টাকা দিতে হয় এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘নেয়... যে যার মত’। আপনারা এত টাকা কেন নেন? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘বিদ্যালয়ের উন্নয়ন ও সংস্কারের জন্যই ওই টাকা নিচ্ছি’। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ আইউব আলী জানান, ‘প্রধান শিক্ষক প্রশংসাপত্রের জন্য অতিরিক্ত টাকা নেন তা আমার জানা নেই। চান্দিনা উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ জানান, ‘প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়ার কোন সরকারি নিয়ম নেই। এমন অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিব’।