বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাশারাত হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মুক্তিযোদ্ধাদের মারপিটসহ বিভিন্ন অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই আদেশ দেয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর থেকে মঙ্গলবার এই আদেশের বিষয়ে ঐ ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোছাঃ কামরুন্নাহার স্বাক্ষরিত ঐ আদেশে বলা হয়, ত্রাণসামগ্রীসহ ভিজিডি ও ভিজিএফ এর গম এবং চাল আত্মসাত্, মুক্তিযোদ্ধাদের মারধর ও নিজ এলাকার মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাংচুর, মুক্তিযুদ্ধে বিরোধীতা করার অভিযোগসহ নিজের বয়স কমানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী গোটাপাড়া ইউপি চেয়ারম্যান মো: বাশারাত হাওলাদারকে জনস্বার্থে বরখাস্ত করা হয়েছে। তাকে তিন দিনের মধ্যে পরিষদের দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তরের আদেশ দেয়া হয়েছে। বাগেরাহট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক ঐ আদেশ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ অবহিত করে ঐ চেয়ারম্যানকে তার কার্যালয় থেকে মঙ্গলবার চিঠি দেয়া হয়েছে।
