দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪০টি শিক্ষকের পদ শূন্য। এর ফলে হাজার হাজার শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকগণ। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত্ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের ৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি প্রধান শিক্ষক ও ৩০টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছে।
বর্তমানে উপজেলার ৮৬টি সরকারি ও ১২৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম হতে ৫ম শ্রেণি পর্যন্ত ৩৭ হাজার কোমলমতি শিশু শিক্ষা গ্রহণ করছে। এদের মধ্যে ঝরে পড়া ৬ শতাংশ দরিদ্রতা, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধীসহ মোট ২ হাজার ২২০ জন শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। জরুরিভিত্তিতে উল্লেখিত শূন্যপদসমূহ পূরণপূর্বক বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দূর করলে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টিসহ সরকারের গৃহীত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচি সফল হবে বলে সচেতন মহল ও অভিভাবকগণ মনে করেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তাজুল ইসলাম মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক শূন্যতার কথা স্বীকার করেন।
