দৌলতদিয়া যৌনপল্লী থেকে তিন শিশু উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০১৩, ২১:৪৪
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে সোমবার স্থানীয় বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির কর্মীরা তিন শিশুকে উদ্ধার করেছে। তাদের বাড়ি শরিয়তপুর, সিলেট সদর উপজেলা এবং ঢাকার ক্ষিলখেত এলাকায়। জানা গেছে, শরিয়তপুরের নড়িয়া উপজেলার শিশু (১৭) প্রায় এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ আলম নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ২২ দিন আগে শিশুটিকে ঢাকার সদরঘাটে আসতে বলে। সেখানে আসামাত্র প্রতারক শাহ আলম বেড়ানোর কথা বলে দৌলতদিয়া পতিতাপল্লীর মজি ফকিরের বাড়িতে ৫০ হাজার টাকায় বিক্রি করে। সিলেট সদর উপজেলার শিশুটি (১৪) ঢাকার ক্ষিলখেত এলাকার গার্মেন্টসে কাজ করতো। সেখানে আলামিন নামের এক যুবকের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে এক মাস আগে আলামিন নিষিদ্ধ পল্লীর মজি ফকিরের ভাড়াটিয়া আম্বিয়ার কাছে বিক্রি করে। এছাড়া অপর শিশুটি (১৩) কিছুটা বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী ধরনের বলে তার ঠিকানা বিস্তারিক জানা যায়নি। সোমবার বিকেলে উদ্ধার হওয়া শিশুরা মুক্তি মহিলা সমিতির শিশু সুরক্ষা কমিটির সদস্যদের কাছে ঘটনাটি খুলে বললে তাদেরকে উদ্ধার করে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এনে পরিবারকে খবর দেয়া হয়। মুক্তি মহিলা সমিতির অপরাজিত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মুঞ্জুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শিশু সুরক্ষা কমিটির সদস্যরা নিষিদ্ধ পল্লীর তিন বাড়িওয়ালীর বাড়ি থেকে শিশুদের উদ্ধার করে।