উপজেলা পর্যায়ে অপটিকাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটি দেশের ৬৪ জেলার ২৯০ উপজেলায় বাস্তবায়িত হবে। অবশিষ্ট ১৭৯ উপজেলার কয়েকটিতে ইতিমধ্যে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার সংযোগ আছে। অন্যগুলোতে বিভিন্ন প্রকল্পের আওতায় সংযোগের ব্যবস্থা করা হয়েছে। ভৌগলিক অবস্থান অনুকূলে না হওয়ায় ভোলা সদর, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, বাঘাইছড়ি, লংগদু জুরাইছড়ি, বিলাইছড়ি, বরকল এবং বরিশালের মুলাদী, মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা বর্ণিত প্রকল্পের অন্তর্ভুক্ত হবে না। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৯৯ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে প্রকল্পে অর্থায়ন করা হবে।
গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম জানান, প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় এটি আরো বড় পরিসরে বাস্তবায়নের জন্য বৈদেশিক সাহায্য প্রাপ্তির চেষ্টা চালাতে পরিকল্পনা কমিশন পরামর্শ দিয়েছে।
সভায় ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ পরিচালনার জন্য আধুনিক যন্ত্রপাতি ও উদ্ধার বাহন সংগ্রহের লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। ১৫৯ কোটি টাকার প্রকল্পটি চলতি বছরের জুলাই হতে ২০১৫ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।
সভা শেষে আরো জানানো হয়, গতকাল মোট সাতটি প্রকল্প অনুমোদন করা হয়। এতে ৮৮৬ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের পুরোটাই সরকারি তহবিল থেকে মেটানো হবে। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হল ৪০ কোটি টাকা ব্যয়ে কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সমপ্রসারণ প্রকল্প, ২৬ কোটি টাকা ব্যয়ে বীফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্প, ১০৩ কোটি টাকা ব্যয়ে ভোলা জেলার লালমোহন উপজেলায় ঝুঁকিপূর্ণ অংশে নদীতীর সংরক্ষণ প্রকল্প, ২৮ কোটি টাকা ব্যয়ে আরডিএ প্রযুক্তি ব্যবহার করে ভূ-উপরিস্থ পানি দ্বারা সেচ এলাকা উন্নয়নের মাধ্যমে পল্লী জীবিকায়ন উন্নয়ন শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্প এবং ৩১ কোটি টাকা ব্যয়ে দেশে রেশম শিল্পের উন্নয়ন প্রকল্প।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক এর অন্যান্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
