পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সরকার চলতি ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার পিতৃ সংগঠন জামাত উদ দাওয়ার (জেইউডি) জন্য ৬ কোটি ১০ লাখ রুপি বরাদ্দ করেছে। পাঞ্জাবের ক্ষমতায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন সরকার এই বরাদ্দ দিয়েছে। বুধবার এ খবর জানিয়েছে ভারতের এনডিটিভি।
জেইউডি’র ‘মার্কায ই তায়েবা’ কেন্দ্রের জন্য পাঞ্জাব সরকার এ সহায়তা বরাদ্দ করে। জেইউডি’র এই কেন্দ্রটি লাহোরের মুরিদকে’তে অবস্থিত। সোমবার পাঞ্জাবের জাতীয় পরিষদের বাজেট অধিবেশনে এই বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন পাঞ্জাবের অর্থনমন্ত্রী মুজতাবা শুজাউর রেহমান। পাঞ্জাবে পিএমএল-এন দলীয় মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, তিনি প্রধানমন্ত্রী নওয়াজের ভাই।
২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিনদিন ধরে চালানো ভয়াবহ জঙ্গি হামলার জন্য লস্কর ই তৈয়বাকে দায়ী করা হয়। আর জেইউডি প্রধান হাফেজ সাঈদের মাথার মূল্য হিসেবে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মুম্বাই হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জেইউডিকে লস্কর ই তৈয়বার পিতৃ সংগঠন হিসেবে ঘোষণা করলে জেইউডি’র মুরিদকে কেন্দ্রটি অধিগ্রহণ করে পাঞ্জাব সরকার। তখনও পাঞ্জাবের ক্ষমতায় ছিল পিএমএল-এন। এর পর থেকে পাঞ্জাব জুড়ে জেইউডি’র আল দাওয়া শিক্ষা, ওষুধ ও হাসপাতাল কার্যক্রম পরিচালনার জন্য মার্কায ই তায়েবা কেন্দ্রটিকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে আসছে পাঞ্জাব সরকার। পাঞ্জাবে জেইউডি বা এর প্রধান হাফেজ সাঈদ সরকারিভাবে ‘নিষিদ্ধ’।
