ব্রাজিলে পরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

গণদাবি মেনে নেয়ার আশ্বাস প্রেসিডেন্টের

আপডেট : ১৯ জুন ২০১৩, ২০:৪৩
ব্রাজিলের গণপরিবহন সেবায় অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে দ্বিতীয়দিনেও কয়েক লাখ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। প্রথমদিনের বিক্ষোভের পরই জনগণের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দ্রুততম সময়ের মধ্যে আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাধান করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। দিলমা রুসেফ আন্দোলনকারীদের দাবি-দাওয়া মেনে নেয়ার ইঙ্গিত দিয়ে বলেন, তারা রাস্তায় নেমে আসার মাধ্যমে গণদাবি প্রমাণিত হয়েছে। আরো ভালো গণপরিবহন সেবা এবং প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থার প্রতি মনোযোগী হতে সরকারকে একটি বার্তা দিয়েছে। সরকার এ গণদাবিকে মাথায় রেখে সামাজিক পরিবর্তনের প্রতি দৃষ্টিপাত করবে। আন্দোলনের দ্বিতীয়দিনও সাও পাওলোতে ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। এভিনিউ পউলিশটার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে। পুলিশের উপস্থিতিতে রাজধানী রিও ডি জেনিরোর পার্শ্ববর্তী শহর সাও গোঞ্জালোতেও জড়ো হয় বিক্ষোভকারীরা। এছাড়া বেলো হোরিজোন্টেও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারের শীর্ষ কর্মকর্তারা স্বজনপ্রীতিসহ নানা ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ও গণপরিবহন সেবাখাতে খরচ কমিয়ে সরকার বিশ্বকাপ ফুটবল ও অলিম্পিক গেমস আয়োজন করতে যাচ্ছে।