বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নিয়োগ বিধি শিথিল করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হককে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসোসিয়েশন দুটির প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে এ অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, সেবা পরিদফতরের পরিচালক তাসলিমা বেগম, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন, বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজা হেনা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এডহক ভিত্তিতে চার হাজার ১২৬টি শূন্যপদে নার্স নিয়োগের জন্য বয়সসীমা বাড়িয়ে নিয়োগ বিধি শিথিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। এতে ৩৬ বছর পর্যন্ত নার্সরা সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন।
