চাটমোহরে ভার্কের উপানুষ্ঠানিক শিক্ষা

আনন্দের মাধ্যমে লেখাপড়া শিখছে সুবিধা বঞ্চিত শিশুরা

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৫
সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় ও কারিগরি ব্যবস্থাপনায় চলনবিল অঞ্চলের তিনটি উপজেলায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এ অঞ্চলের সুবিধা বঞ্চিত ও বিদ্যালয় বহির্ভূত শিশুরা প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে এই উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির আওতায়। সেভ দ্য চিলড্রেন শিশু বিকাশ কর্মসূচির অভিজ্ঞতার সমন্বয়ে শিশুদের জন্য শিখন উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার মডেল তৈরি করেছে। এই শিখন কর্মসূচি বাস্তবায়নে ভার্ক কমিউনিটির সহযোগিতায় পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১শটি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাটমোহর ফিল্ড অফিসের আওতায় চাটমোহর, ভাঙ্গুড়া ও তাড়াশ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে ৩ হাজার ২শ জন শিশুকে শিখন পদ্ধতির মাধ্যমে পড়ালেখা করানো হচ্ছে। এর মধ্যে ছেলে ১ হাজার ৫৯৮ জন এবং মেয়ে ১ হাজার ৬০২ জন। বর্তমানে ১ম শ্রেণির ক্লাস চলছে। প্রতিটি স্কুলে শিশু শিক্ষার্থীর সংখ্যা ৩২ জন। এদের বয়স ৮-১০ বছর। ৪৪ মাসে এসব শিক্ষার্থীরা ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করবে। স্কুল পরিদর্শন করে দেখা গেছে, আনন্দের মাধ্যমে শিশুবান্ধব পরিবেশে শিশুরা পড়ালেখা করছে। প্রতিটি স্কুলে বইখাতার পাশাপাশি প্রাথমিক চিকিত্সা বাক্স, ম্যাটসহ যাবতীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।