মেয়েদের মাথার ঝরে যাওয়া চুল বিক্রি হচ্ছে লাখ টাকায়, যাচ্ছে বিদেশে। এই চুল বিক্রি করে সংসার চলছে শত শত মানুষের। এক কেজি চুলের দাম ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। চুল সংগ্রহ এবং বেচাকেনা এবং পরচুলা তৈরিকে কেন্দ্র করে নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর প্লাজাসহ ১২টি কারখানায় ১০ হাজার পুরুষ আর ৫ হাজার নারী কাজ করছেন। চীনের একটি বেসরকারি কোম্পানি এভারগ্রীন হংকং প্রায় ৩ বছর ধরে কুড়ানো এসব চুল আর বিদেশ থেকে আমদানি করা সিনথেটিক চুল দিয়ে তৈরি করছে পরচুলা, পুতুল এবং এসব নিয়ে যাচ্ছে চীনসহ বিশ্বের ১৮টি দেশে। চীনসহ বিভিন্ন দেশে এ চুলের রয়েছে অনেক কদর। যা থেকে সরকারও পাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। জেলার সৈয়দপুরের বেশকিছু বাসাবাড়িতে গড়ে উঠেছে কুড়ানো চুলের জট ছড়ানোর কারখানা। অভাবী নারীরা সবাই ব্যস্ত, তারা কাজ করছেন চুলের কারখানায়। অভাবী পরিবারের নারীরা জানান, পূর্বে তারা স্বামীর অভাবের সংসারে কিছুই করতে পারেনি। এখন তারা কাজ পেয়েছেন, নিজেরা আয় করছেন।
