বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৭
চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল বুধবার রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে তারা দাবি আদায়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও সংগঠনের মুখপাত্র জাহাঙ্গীর আলম, কর্মকর্তা তাপস গোস্বামী, শাহীন সরদার, রাফিউল হাসান রাসেল, আতিকুজ্জামান সুমন, রাহিমুল ইসলাম দিপু, রবিউল ইসলাম রবি, কর্মচারী রাহেল চৌধুরী পিন্টু, রশিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬৭১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ আন্দোলন চালিয়ে যাবেন। সমাবেশে দাবি আদায়ে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ক্যাম্পাস এলাকায় ভুখা মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।