নিবিড় পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে ঠাকুরগাঁওয়ে আমের বাম্পার ফলন হয়েছে। তবে ক্রেতার অভাবে বাগান চাষিদের মাথায় হাত পড়েছে। সরকারের বিদায় বছরে রাজনৈতিক ঘন ঘন কর্মসূচির কারণে দূরের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ না করায় এবার আমের বাজার পড়ে গেছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ জেলায় ২শ’ বাগান ও বসতভিটায় রোপিত আম বাগান থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বিভিন্ন জাতের আম উত্পাদন হয়েছে। গতবার ফলন হয়েছিল ৫০ হাজার মেট্রিক টন।
ওই বছর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বাগান কেনায় আমের বাজার চড়া ছিল। সে বছর ৪০ টাকা থেকে ৪৫ টাকা দরে প্রতি কেজি আম বিক্রি হয়। এবার প্রতিকেজি আম ২৫ টাকা থেকে ৩০ টাকা দরে দাম হাকাচ্ছে ব্যবসায়ীরা। তবুও আশানুরূপ ক্রেতার সাড়া মিলছে না।
