ব্রাহ্মণবাড়িয়ায় ৮ হাজার অটো রেজিস্ট্রেশনবিহীন

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৮
ব্রাহ্মণবাড়িয়ায় রেজিস্ট্রেশন (নম্বর) বিহীন ৮ হাজার সিএনজি অটোরিকশা বিভিন্ন সড়কে চলাচল করছে। নানা জটিলতার কারণে এসব সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে এখানে বছরের পর বছর ধরে। ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত। অপরদিকে চালকরা নানা হয়রানির শিকার হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ জানান, এই জেলায় রেজিস্ট্রেশনভুক্ত ২৪০০ এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশার সংখ্যা ৮ হাজার। অটোরিকশার মালিকেরা রেজিস্ট্রেশনের আবেদন করেও পাচ্ছেন না। তিনি জানান, এখানকার বিভিন্ন সড়কে চলাচলকারী ৮ হাজার সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান করলে সরকারের রাজস্ব আয় হবে প্রায় নয় কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়ার বি.আর.টি.এ-এর সহকারী পরিচালক মোঃ আইনুল হুদা চৌধুরী জানান, কিছুদিন আগে ৪৫০টি সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদানের অনুমতি পাওয়া গেছে। বাকিগুলোর রেজিস্ট্রেশন পর্যায়ক্রমে প্রদান করা হবে।