একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি আসনে আওয়ামী লীগের দুই প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। বগুড়া-১ সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা আসনে আবদুল মান্নান এবং বগুড়া-৫ শেরপুর ও ধুনট উপজেলা আসনে মো. হাবিবর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা দুজনই বর্তমান সাংসদ। এর আগেও তারা সাংসদ নির্বাচিত হয়েছেন। গত রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের চিঠি দেওয়া হয়েছে।
বগুড়া-১ আসনে দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী, আওয়ামী পেশাজীবী সমিতির সম্পাদকমণ্ডলীর সদস্য এম খায়রুজ্জামান বাদশাসহ আরো আটজন।
আবদুল মান্নান ২০১৪ সালে আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে তিনি ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হন। বিপরীতে ধানের শীষ প্রতীকে ছিলেন জানে আলম।
অন্যদিকে বগুড়া-৫ ধুনট ও শেরপুর উপজেলা আসনে হাবিবর রহমান ছাড়া মনোনয়ন তুলেছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী, বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী।
হাবিবর রহমান গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এদিকে অন্য পাঁচটি আসনে দলীয় কোনো নেতাকে মনোনয়ন না দেওয়ায় ধারণা করা হচ্ছে, এগুলো জাতীয় পার্টিসহ মহাজোটের শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুর রহমান বগুড়া-৭ বগুড়া পৌরসভা ও সদর উপজেলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি বলেন, বগুড়ার কোন্ আসনে কাকে মনোনয়ন দেবেন, সেটা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়।
