নেত্রকোনায় অপহরণ ও ধর্ষণের দায়ে চার জনের যাবজ্জীবন

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৮
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ গত মঙ্গলবার মোহনগঞ্জ উপজেলার অপহরণ ও পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৫ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামের আবুল হোসেন, আমিরুল, আলামিন ও নলজুরী গ্রামের ওলি। এরমধ্যে অলি পলাতক। মামলাটি ৮ বছর চলার পর গতকাল রায় হলো। ২০০৪ সালের ১১ জানুয়ারি রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ার পর উল্লিখিত আসামিরা একটি মেয়েকে অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়ে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। মোহনগঞ্জ থানা পুলিশ তিন মাস পর গোপন সংবাদের ভিত্তিতে বিগত ১৪ এপ্রিল ঢাকার পল্লবী থানার রূপগঞ্জ আবাসিক এলাকার শিয়ালবাড়ী বস্তির আনোয়ারা বেগমের ভাড়া দেয়া ঘর থেকে অপহূত শিখা আক্তারকে উদ্ধার করে।