টেকনাফে নৌকাডুবির ঘটনায় ২১ দালালের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:২৯
বঙ্গোপসাগরে মালয়েশিয়া যাত্রীর নৌকাডুবি ও মৃতদেহ উদ্ধারের ঘটনায় ২১ দালালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া মঙ্গলবার ভোরে পুলিশি অভিযানে সিরাজগঞ্জ জেলার ৫ মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করা হয়। রবিবার ভোরে সাগরে মালয়েশিয়াগামী নৌকা ডুবির ঘটনায় সাগর পাড় থেকে ৬ নারী, পুরুষ ও শিশুর মৃতদহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের লাশ সনাক্ত করে হলেও অন্য ৫ নারী ও শিশুর পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে আব্দুর রহমানের মৃতদেহটি তার পরিবারের কাছে এবং অন্য ৫ জনের লাশ কক্সবাজার আনজুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২১ দালালের বিরুদ্ধে মামলা করে। এরা হচ্ছে, সাবরাং কাটাবুনিয়ার মার্কিন মিয়া, শওকত আলম, আলমগীর, মোঃ ফয়েজ, আব্দুর রহমান, ইসলাম প্রকাশ বাগু, ইমাম হোসেন ,আব্দুল হামিদ, জাফর আহাম্মদ, রশিদ আহাম্মদ প্রকাশ ডাইল¬া, কবির আহাম্মদ, জাহাঙ্গীর আলম, মৌলভী আব্দুলা, হারিয়াখালীর রফিকুল ইসলাম, ধলু হোছন, শাহপরীরদ্বীপের সৈয়দ আহাম্মদ, রশিদ উল্যা মাঝি, নুরুল আলম বার্মাইয়া, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পর, এইস-ব¬ক আব্দুল করিম মাঝি, সাবরাং জাফর, জাহেদ হোসেন, রাশেদুল করিম। এদিকে থানায় মামলা হওয়ার খবরে পাচারকারীরা গা ডাকা দিয়েছে। অপরদিকে মঙ্গলবার ভোরে স্থানীয় ইউপি সদস্য সব্বির আহাম্মদের সহযোগিতায় টেকনাফ মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী সিরাজগঞ্জের মনসুর, নুর মোহাম্মদ, রিপন, মোঃ এমদাদুল, বাবুলকে আটক করে।