অধ্যক্ষের অপসারণ দাবিতে আন্দোলনরত বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষে বরগুনা থানার ওসিসহ উভয়পক্ষের কমপেক্ষ ২০জন আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষোভ ঠেকাতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই পলিটেকনিকের অধ্যক্ষ এজেডএম মাসুদুর রহমানের বিরুদ্ধে টাকার বিনিময়ে পরীক্ষায় পাস করানো, ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে জুন মাসের শুরু থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছে। বুধবার সকালে শিক্ষার্থীরা বরগুনা-কাকচিড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এতে বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পুলিশ ৫ ছাত্রকে আটক করেছে।
বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, পুলিশ প্রথমে শিক্ষার্থীদের ডেকে অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়। কিন্তু পুলিশের অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা উল্টো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। শিক্ষার্থীদের নিক্ষেপ করা ইটের আঘাতে বরগুনা থানার ওসি মি. শীলমনি চাকমাসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছে।
