থাইল্যান্ডের জেলে উখিয়ার চার মালয়েশিয়াগামী

আপডেট : ১৯ জুন ২০১৩, ২১:৩১
সোনার হরিণ ধরতে গিয়ে, আদম পাচারকারী চক্রের খপ্পরে পড়ে থাইল্যান্ড কারাগারে দীর্ঘ সাড়ে ৪ মাস যাবত্ মানবেতর দিনযাপন করছে উখিয়ার উপকূলীয় এলাকার চোয়াংখালী গ্রামের ৪ হতভাগা। এরা হচ্ছে- স্থানীয় ছৈয়দ করিমে পুত্র মুফিজ আলম (১৮), মকতুল হোসেনের পুত্র নুরুল হুদা (২০), আলতাজ মিয়ার পুত্র নুরুল কবির (২৩) এবং রশিদ আহমদের পুত্র নূর আহমদ (৪৫)। তাদের কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি থাইল্যান্ড পুলিশ মুঠোফোনে নিশ্চিত করে। এ ব্যাপারে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ছৈয়দ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। উপকূলের চোয়াংখালী গ্রাম ঘুরে জানা যায়, এ পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার নামে প্রায় শতাধিক যুবক নিখোঁজ হয়ে গেছে। ইতিমধ্যে ৪ জন থাইল্যান্ড কারাগারে দীর্ঘ সাড়ে ৪ মাস যাবত্ আটক থাকার বিষয় নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য ছৈয়দ হোসেন জানান, গত ৫ মাস আগে স্থানীয় দালাল মোজাম্মেলের মাধ্যমে প্রায় শতাধিক লোকজন মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে চোয়াংখালী ঘাট ঘর থেকে ফিশিং বোটে সাগর পথে রওনা হয়। গত রবিবার থাইল্যান্ড মুনতাহার থানা কারাগারের দায়িত্বরত এক পুলিশ সদস্য মুঠোফোনে উক্ত ৪ যুবকের আটকের বিষয়টি পরিবারে জানালে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াসউদ্দিন মিয়া জানান, আদম পাচারকারী চক্রের সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।