নোয়াখালীতে প্রতিবন্ধীদের প্রতীকী অনশন
নোয়াখালী প্রতিনিধি \ তিন দফা দাবিতে প্রতিবন্ধী সংগঠন প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ নোয়াখালী প্রেসক্লাব চত্বরে প্রতীকি অনশন পালন করে। মঙ্গলবার এ কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের জেলা আহ্বায়ক আবু আবদুল্যাহ, যুগ্ম আহ্বায়ক প্রতিভা রানী দাস, সদস্য রফিকউল্যা মাস্টার, জসিমউদ্দিন, আবদুল হাই, আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।
কুমিল্লায় বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কুমিল্লা ১০ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ জাহিদুল ইসলামের একটি দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো দুর্গতদের মাঝে ত্রাণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ টর্ণেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে মঙ্গলবার আর্থিক সহায়তা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা (ইনক)। সদর উপজেলার উরশিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং জারুলতলা রেলসংলগ্ন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা সংগঠনের উপদেষ্টা আইয়ুব চৌধুরী হারুন এবং নির্বাহী সদস্য আমানুল হক সেন্টু ৬০টি দুস্থ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন।
আড়াইহাজারে ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী দিনে মঙ্গলবার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনরার (ভূমি) মো. জালালউদ্দিন।
বাকৃবিতে ১ম বীজ স্বাস্থ্যমেলা উদ্বোধন
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা \ বীজের রোগ, বীজবাহিত ফসলের রোগ, রোগজীবাণু এবং তাদের ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ৩ দিনব্যাপী দেশের ১ম বীজ স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সীড প্যাথলজি সেন্টারের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠানে সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড.এ.কিউ.এম. বজলুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।
শার্শায় গান পাউডারসহ ১ যুবক আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল-যশোর সড়কের নাভারন মোড় থেকে মঙ্গলবার ২ কেজি গান পাউডার ও মদসহ ফারুক বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছয়রুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ের একটি দোকানের সামনে থেকে ফারুক বিশ্বাসকে আটক করা হয়।
শার্শায় আফিল জুট মিলে অগ্নিকাণ্ড
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ শার্শা আফিল জুট উইভিং মিলস লিঃ-এ মঙ্গলবার অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। দীর্ঘ তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মিলের ম্যানেজার তাপস কুমার দাস জানান, রিজেক্ট পাট গোডাউনের পাশে ওয়েল্ডিং-এর কাজ করার সময় অসাবধানতার কারণে গোডাউনে আগুন ধরে যায়। এসময় মিলের শ্রমিকরা আতংকে চারিদিকে ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
উল্লাপাড়ায় কেয়ারের ভলান্টিয়ার সমাবেশ
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ আন্তর্জাতিক সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশ-এর সৌহার্দ্য কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার বন্যাদুর্গত মোহনপুর, বড় পাঙ্গাসী ও উধুনিয়া ইউনিয়নের দুর্যোগ ভলান্টিয়ারদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনটি ইউনিয়নের দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ করা হয়।
সিংড়ায় ছাতারদিঘি ইউপির বাজেট ঘোষণা
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। মঙ্গলবার ১১নং ছাতারদিঘি ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইমলাম, সচিব শাহজাহান আলী এবং ইউপি সদস্যবৃন্দ।
পার্বতীপুরে বাস শ্রমিকদের সড়ক অবরোধ
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুরে অটোবাইক শ্রমিক কর্তৃক বাস ভাংচুরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। বুধবার পর্যন্ত পার্বতীপুর-সৈয়দপুর, পার্বতীপুর-ফুলবাড়ী, পার্বতীপুর-রংপুর ও পার্বতীপুর-দিনাজপুর রুটে বাস ও অটোবাইক চলাচল বন্ধ রয়েছে।
লোহাগড়ায় বাল্যবিবাহ বিষয়ক কর্মশালা
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ বাংলােদশ ওয়ার্ল্ড ভিশন চাইল্ড সেপ্টিনেট প্রজেক্টের উদ্যোগে লোহাগড়ায় বাল্যবিবাহ ও নারী পাচার প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার শালনগর ইউপি পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ লাবু মিয়ার সভাপতিত্বে বাল্যবিবাহ ও নারী পাচার প্রতিরোধ বিষয়ক আলোচক ছিলেন উপজেলা সমাজসেবক কর্মকর্তা হোসেনুর রহমান,ওয়ার্ল্ডভিশনের প্যানেল এ্যাডভোকেট রমা রানী রায়, প্রোগ্রাম অফিসার আবিদা সুলতানা, সাংবাদিক মাহফুজুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ।
কুলাউড়ায় সিমেন্টসহ কাভার্ড ভ্যান উল্টে গেছে
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা \ বুধবার কুলাউড়া-মৌলভীবাজার সড়কে সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান রাজনগর উপজেলার ইলাসপুর এলাকায় দুর্ঘটনা কবলিত হয়। কাভার্ড ভ্যানের চালক আসলাম জানান, ৪১৬ ব্যাগ সিমেন্ট নিয়ে শাহ সিমেন্ট কোম্পানীর এই কাভার্ড ভ্যানটি ঢাকার মুন্সিগঞ্জ থেকে মৌলভীবাজারের জুড়ী যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে দ্রুতবেগে ইউ টার্ণ নেয়ার সময় কাভার্ড ভ্যানটি সড়কের মাঝপথে উল্টে যায়।
পাথরঘাটায় ইবনে সিনার চিকিত্সক সম্মেলন
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা পাথরঘাটায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ন্যাচারাল মেডিসিন বিভাগের উদ্যোগে এক চিকিত্সক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সংকল্প ট্রাস্টের হলরুমে অনুষ্ঠিত ডাক্তার সম্মেলনে ইবনে সিনার ন্যাচারাল (হার্বাল) মেডিসিনের গুণাগুণের উপর আলোচনা করেন প্রতিষ্ঠানটির টিএমডি এক্সিকিউটিভ ডাক্তার মনির আহম্মদ। বরিশাল এরিয়া ম্যানেজার ডাক্তার মাসুদ রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইবনে সিনার ন্যাচারাল মেডিসিনের এরিয়া ম্যানেজার ডাক্তার মশিউর রহমান।
কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি
কিশোরগঞ্জ প্রতিনিধি \ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির অন্তর্ভুক্ত কর্মচারীদের পদবী পরিবর্তনসহ বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে দু’দিনব্যাপী দু’ঘন্টা কর্মবিরতি পালন কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে গতকাল বুধবার কালেক্টরেটের ৩য় শ্রেণীর কর্মচারীরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। এসময় তারা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ।
নেত্রকোনায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি \ পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা (পিডিইউএস)এর উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে গতকাল বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কবি আল আজাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, পিডিইউএস-এর সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।
মতলবে শিক্ষাসামগ্রী বিতরণ
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে ১৮ জুন আদর্শ স্কুল মিলনায়তনে ব্যাংক শাখা আরডিএস প্রকল্পের আওতায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মতলব উপজেলার ৬৭জন মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স বিতরণ করা হয়।
পাথরাইল ইউনিয়নের বাজেট ঘোষণা
দেলদুয়ার(টাঙ্গাইল) সংবাদদাতা \ মঙ্গলবার দেলদুয়ারের পাথরাইল ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ ইং অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। চলতি অর্থ বছরের নিজস্ব তহবিল, সরকারি উন্নয়ন তহবিল ও উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত মোট আয় ধরা হয়েছে ৫২ লাখ ২৫ হাজার ৯ শত ৮৩ টাকা এবং সংস্থাপন, উন্নয়ন ও অন্যান্য খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৭৪ হাজার ৭ শত ৩৩ টাকা।
সৈয়দপুর পৌরসভার বাজেট ঘোষণা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নতুন কোন করারোপ ছাড়াই নীলফামারীর সৈয়দপুর ১ম শ্রেণির পৌরসভার ২০১৩-১৩ অর্থবছরের জন্য ৪২ কোটি ২ লাখ ৪৬ হাজার ৭৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভা কার্যালয়ে কাউন্সিলর, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে সৈয়দপুর ক্যাবল অপারেটরের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার।
কটিয়াদীতে দলিল লেখক সমিতির কলম বিরতি
কটিয়াদী সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে বুধবার থেকে ধর্মঘট ও কলম বিরতি শুরু হয়েছে। দুর্নীতি ও উেকাচের অভিযোগে সাব-রেজিস্ট্রার গাজী আবু হানিফের অপসারণের দাবিতে এ ধর্মঘটের আহ্বান করা হয়।
দাউদকান্দিতে দুর্ঘটনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
দাউদকান্দি সংবাদদাতা \ গতকাল বুধবার দাউদকান্দির বিভিন্ন স্থানে ৩টি সড়ক দুর্ঘটনা হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি উপজেলার বারপাড়ায় একটি কভারভ্যানের সাথে অপর একটি কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ, শহীদনগরে একটি বাস ও একটি সিএনজি অটোরিক্সা এবং গাজিপুরে একটি ট্রাক ও কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ১০ জন আহত হয়।
বড়াইগ্রামে দুর্ঘটনায় ট্রাক মালিক নিহত
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সূতির পাড়ে মঙ্গলবার মধ্যরাতে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক মালিক নিহত ও অপর ট্রাকের চালক-হেলপার আহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার মধ্যরাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে ঢাকাগামী আম বোঝাই মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ উপজেলা চেয়ারম্যান কর্তৃক বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাসকে হুমকি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন ও ইসমাইল হোসেন লিটনের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা বিবৃতি দিয়েছেন, পাক্ষিক সিডর সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান লিপন।
ভোলা পৌরসভার বাজেট ঘোষণা
ভোলা (উত্তর) প্রতিনিধি \ ভোলা পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ৯৫ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৮৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌর ভবনে নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এ বাজেট ঘোষণা করেন। নতুন কোন কর আরোপ ছাড়াই প্রস্তাবিত এ বাজেটে পৌরবাসীর উন্নয়নে নানা পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। এতে অনুদানসহ আয় দেখানো হয়েছে ৯৫ কোটি আটাশ লাখ ৮৮ হাজার ৮৬৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকা। সমাপনী স্থিতি ১ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকা।
লোহাগড়ায় নিরাপদ বিদেশ গমন শীর্ষক কর্মশালা
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ ‘নিরাপদ অভিবাসন গ্রামবাংলার উন্নয়ন’ স্লোগানকে ধারণ করে লোহাগড়ায় নিরাপদ বিদেশ গমন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আ. হান্নান রুনু, পৌর মেয়র এ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুর, ব্র্যাকের সিনিয়র ফিল্ড অফিসার ফরহাদ আল-করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. হামিদ ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানি মজুমদার।
