মিরসরাইয়ে স্বর্ণ কেলেঙ্কারি

বিশ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে দুই পুলিশ আটক

আপডেট : ১৯ জুন ২০১৩, ২২:২২
চট্টগ্রামের মিরসরাইয়ের স্বর্ণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জোরারগঞ্জ থানার এএসআই জয়নাল আবেদীন ও মুন্সি শাহ আলমকে আটক করেছে পুলিশের বিশেষ বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান। জানা গেছে, গত সোমবার গভীর রাতে প্রতিটি ১০ ভরি ওজনের ২৭টি সোনার বার নিয়ে চট্টগ্রামের দুই স্বর্ণ ব্যবসায়ী ঢাকার উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে রওনা হয়েছিলেন। যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় পড়েন পুলিশের হাতে। পুলিশ আটককৃতদের থানায় না নিয়ে সেখানে একটি বাড়িতে রেখে তাদের কাছ থেকে আদায় করে প্রায় ২০ লাখ টাকা। টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পেয়ে আর ঢাকায় যাননি ওই ব্যবসায়ীরা। চট্টগ্রামের দিকে রওনা দেন। কিন্তু চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় ফের ধরা পড়েন গোয়েন্দা পুলিশের হাতে। তাদের কাছ থেকে প্রায় একশ’ তোলা ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়া নগরের কোতোয়ালি থানাধীন হাজারি গলির সোনার ব্যবসায়ী বিধান ধর ও বিদ্যাসাগর ধর দাবি করেছেন, জোরারগঞ্জে পুলিশ তাদের আটক করার পর থানায় না নিয়ে একটি বাড়িতে নিয়ে ২০ লাখ টাকা আদায় করে। গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িটি শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য জোরারগঞ্জ থানার এএসআই জয়নাল আবেদীন ও মুন্সি শাহ আলমকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।