বিনোদন রিপোর্ট
বর্ষীয়ান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এখনো দর্শকের কাছে রয়েছে তাঁর দারুণ চাহিদা। এই সময়ে দর্শকের মনে দাগ কাটার মতো চরিত্র না হলে তিনি অভিনয় করছেন না। প্রায় ১ বছর পর সম্প্রতি তিনি একটি একক নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। নাটকের নাম ‘জগত্ সংসার’। আহসান হাবীব সকালের রচনায় এটি নির্মাণ করেছেন রিদম খান শাহীন। এই নাটকে ফেরদৌসী মজুমদার অভিনয় করছেন রেণু বেগম নামের চরিত্রে। তিনি ছাড়াও এই নাটকে আরো দেখা যাবে তৌকীর আহমেদ, ফারজানা ছবি, সুষমা সরকার, সুমনা সোমা, শফিউল আলম বাবু, জিদান সরকার, কামরুজ্জামান সাগর, শারমিন ফামিদা, মাসুদ করিম সুজন, জিতু হায়দার ও মহসীন পলাশকে। নাটকের গল্পে দেখা যাবে, রেণু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খালি পায়ে। কিছুক্ষণ পর তিনি এক মুচির কাছে আসেন তার জুতা জোড়া ঠিক করে নেওয়ার জন্য। কিন্তু মুচি না করে দেন। কারণ এর আগে এই জুতা জোড়া তিনি ৩৩ বার সেলাই করেছেন। তাই আর সেলাই করার মতো জায়গা নেই। তবে রেণুও নাছোড়বান্দা। আজ যেভাবে হোক এক জোড়া জুতা নিয়ে তিনি ঘরে ফিরবেন। এবার তিনি পথের ধারে আঁচল বিছিয়ে বসেন টাকা সংগ্রহের আশায়। এভাবে নাটকের গল্পটি এগিয়ে যাবে। ফেরদৌসী মজুমদার বলেন, ‘ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে। আমার চরিত্রটির মধ্যে বেশ নতুনত্ব রয়েছে। আমি এখন আগের মতো অভিনয় করছি না। একান্ত ভালোলাগার মতো গল্প পেলে সেটি করছি। দীর্ঘদিন পর এই নাটকের গল্প ভালো লেগেছে। মা দিবসের জন্য নির্মিত নাটকটি আশা করছি সবার ভালো লাগবে।’ মা দিবস উপলক্ষে জগত্ সংসার নাটকটি নাগরিক টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে।
