ব্রাজিলের গণপরিবহন সেবায় অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে গণবিক্ষোভের মুখে রিও ডি জেনিরিও এবং সাও পাওলোতে পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে বিক্ষোভকারীরা তাদের অন্যান্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিক্ষোভের তৃতীয় দিন বুধবার রিওর মেয়র ইডুয়ারডো পেইস, সাও পাওলোর মেয়র ফার্নান্দো হাদ্দাদ এবং সাও পাওলোর স্টেট গভর্নর জেরাল্ডো আলকেমিন গণপরিবহনের ভাড়া কমিয়ে নেয়ার ঘোষণা দেন। প্রথম দিনের বিক্ষোভের পরই জনগণের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।
পরিবহন ভাড়া কমানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাও পাওলোর বিক্ষোভকারীরা প্রতিক্রিয়ায় বলেন, আন্দোলনের মুখে সরকার গণপরিবহনের ভাড়া কমাতে বাধ্য হয়েছে। এটা ভালো লক্ষণ। কিন্তু সরকারের এ সিদ্ধান্ত যথেষ্ট নয়। গণপরিবহনের সেবার মান আরো বাড়াতে হবে। প্রয়োজনে সাও পাওলোতে বিনা পয়সায় গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
সরকার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার পরও রিওর পার্শ্ববর্তী শহর নিটারোইতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর ফোরতেলেজাতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে।
