যুক্তরাষ্ট্র ও কিউবা অভিবাসন নিয়ে ফের আলোচনায় বসতে সম্মত

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:০৯
মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবা অভিবাসন নিয়ে আগামী মাসের ১৭ জুলাই ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বুধবার এ কথা বলেন। এ ধরনের ঘোষণা এমন এক সময়ে আসলো ঠিক এর আগে দু’দেশের মধ্যে সরাসরি ‘মেইল সার্ভিস’ পুনরায় চালুর বিষয়ে এক বৈঠক হয়। ১৯৬৩ সাল থেকে তাদের মাঝে এই সেবা বন্ধ রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় থেকে এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে চরম বৈরী সম্পর্ক চলছে। আর তার অবসান ঘটতে চলছে এই আলোচনা বৈঠকের দিনক্ষণ ঠিক হওয়ার মধ্যদিয়ে। আশা করা হচ্ছে বর্তমান এই বৈঠক উভয়ের মাঝে সম্পর্কের এক নতুন মাত্রা তৈরি করবে। যার প্রমাণ প্রথমে সরাসরি মেইল সার্ভিস ও পরে অভিবাসন নিয়ে আলোচনা বৈঠক। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কিউবার আমেরিকানদের জন্য ভ্রমণ ও রেমিট্যান্সের নিয়মের বিষয়ে অনেকটা শিথিলতা আরোপ করেন। সেইসঙ্গে তিনি দ্বীপরাষ্ট্র কিউবায় অন্যদের গমনের ব্যাপারেও অনেক সহজতর করেন। এটা শুধু সংস্কৃতি, শিক্ষা এবং ধর্মীয় কারণের জন্য প্রযোজ্য। তবে এ সত্ত্বেও যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সরকারের প্রতি অব্যাহতভাবে সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ: কিউবায় মানবাধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।