হবিগঞ্জে ব্যবসায়ী খুনের মামলা

ভাইস চেয়ারম্যানসহ আসামি ২৩ জন

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১১
হবিগঞ্জ শহরে ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরীকে খুনের অভিযোগে মামলা হয়েছে। নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদি হয়ে বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ও বানিয়াচংয়ের উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, তার স্বামী বানিয়াচং উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী ও তার ভাই শহিদুল আলম চৌধুরী আকিক এবং মা, বোনসহ ২৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ১৭ জুন রাতে শহরের পুরানমুন্সেফী এলাকার একটি দোকান থেকে মহিবুরকে ডেকে নেয় তাদের সম্পর্কীয় ভাতিজা শেবুল মিয়া। কিছু দূরে প্রেসিডেন্সি কিন্ডার গার্টেনের সামনে পৌঁছামাত্র আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মহিবুরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। সংকটাপন্ন অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতেই তিনি মারা যান। এদিকে উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে পুরানমুন্সেফী কোয়ার্টারে বুধবার সন্ধ্যায় এলাকাবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। নিহত মহিবুর হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ছিলেন। এদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বুলবুল নামে এক যুবককে পুলিশ আটক করেছে।