বিড়ি শিল্পের উপর অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়ন। পরে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। গত বুধবার মহানগরীর মডার্ণ মোড়ে হাজার হাজার বিড়ি শ্রমিক রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হয় সাধারণ যাত্রী। সড়ক অবরোধ শেষে নগরীর কাচারীবাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর রংপুর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলু, বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিড়ি শ্রমিক আজিজার রহমান, মহারাজ প্রমুখ।
