আজ শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলা আ’লীগের প্রথম কাউন্সিল সালথা কলেজ মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৯ সালে নগরকান্দা উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে পৃথক সালথা থানা ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০০৮ সালে উপজেলায় রূপান্তরিত করে। দীর্ঘদিন কমিটি ছাড়াই চলে আ’লীগের কার্যক্রম। সংসদ নির্বাচনকে সামনে রেখে ও দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে আজ এ কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। অপরদিকে দলীয় নিয়ম-নীতি লঙ্ঘন করে কাউন্সিল করার অভিযোগ এনে কাউন্সিল বন্ধের দাবিতে জেলা আ’লীগ কমিটির বরাবর লিগ্যাল নোটিস পাঠিয়েছেন স্থানীয় আ’লীগ নেতা শফিকুর রহমান মিলন বলে জানা গেছে। তবে এখনো কাউন্সিল বন্ধের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।
