কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা \ কুলাউড়া উপজেলার হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শেণির ছাত্রী সুনিয়া দাস (১৪) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বুধবার ট্রলির চাপায় প্রাণ হারিয়েছে। তারাপাশা চা বাগানের রামজনম দাসের মেয়ে সুনিয়া প্রতিদিনের মত ভেজাবন এলাকায় সার্ভিস বাস থেকে নেমে বাগানের রাস্তায় যাচ্ছিল। ঐ সময় একটি মাল বোঝাই চাষাবাদের ট্রলি তাকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা শমশেরনগর—ব্রাহ্মণবাজার সড়ক অবরোধ করে। এলাকাবাসী ও পুলিশ ট্রলিচালক শামীমকে ট্রলিসহ আটক করেছে।
আজিম উদ্দিন কলেজের কৃতিত্বপূর্ণ ফলাফল
গাজীপুর প্রতিনিধি \ গত মঙ্গলবার প্রকাশিত ২০১১ সালের ডিগ্রি পাস পরীক্ষায় গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজে ছাত্র-ছাত্রীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ফলাফলে বিভিন্ন বিভাগ থেকে মোট ২৬জন শিক্ষার্থী প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিএ পরীক্ষায় ৮জন, বিএসএস পরীক্ষায় ৯জন, বিএসসি পরীক্ষায় ৩ জন এবং বিবিএস শাখায় ৬ জন প্রথম শ্রেণি পেয়েছে। এছাড়া ৯১জন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় পাসের হার শতকরা ৭৮%।
মেলান্দহ ফুলকোচা ইউপি’র বাজেট
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা ১৯জুন অনুষ্ঠিত হয়। আমেরিকান আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা পপি’র সহযোগিতায় ইউনিয়ন পরিষদ-এর আয়োজন করে। ইউপি চেয়ারম্যান মিন্নাতুল বারী সোহেল এতে সভাপতিত্ব করেন। ইউপি সচিব মোজাম্মেল হক ২০১৩-১৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। বাজেটে ১ কোটি ২লাখ ৩৫ হাজার ২শ’ ৭৪ টাকার আয়, ১কোটি ১লাখ ৫২হাজার ৭শ’ ৯৪ টাকা ব্যায় এবং ৮২হাজার ৪শ’ ৮০টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
পাবনায় খেতমজুর সমিতির লংমার্চ
পাবনা প্রতিনিধি \ ফুলবাড়ি ৬ দফা চুক্তির বাস্তবায়ন, পাবনার ইছামতি নদী খনন, ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প তৈরির পাঁয়তারা বন্ধসহ ১৩ দফা দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতির আঞ্চলিক কমিটির ডাকে পাবনা থেকে সিরাজগঞ্জ অভিমুখে লংমার্চ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পাবনা টাউন হল মাঠে পাঁচদিনব্যাপী এই লংমার্চের উদ্বোধন করেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস।
শমশেরনগর ইউপির বাজেট ঘোষণা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার ৪ নম্বর শমশেরনগর ইউনিয়নের ২০১৩-১৪ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
মিঠাপুকুরের পায়রাবন্দ ইউপির বাজেট
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ বেগম রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুরের ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদে ১কোটি ৫০লক্ষ ৭০হাজার ৩শত ৩৩টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত অনুষ্ঠানে এই বাজেট। ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী মিঞা। পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুহড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোজাম্মেল হক মন্টু।
ফুলপুকুরিয়া কলেজে বৃক্ষ রোপণ উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া কলেজের উদ্যোগে বুধবার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা কলেজের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আখাউড়ায় ট্রেনের ছাদে গলাকাটা লাশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ আখাউড়ায় ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে রেলওয়ে পুলিশ চট্টগ্রামগামী মেইল ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাপসাতালের মর্গে প্রেরণ করে।
মিরপুর পৌরসভার বাজেট ঘোষণা
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মেয়র হাজী এনামুল হক পৌর হলরুমে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে ১৮ কোটি ১ লক্ষ ৬৩ হাজার ২শ’ ৬৩ টাকার বাজেট পেশ করেন। বাজেটে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৮ কোটি ১ লাখ ৬৩ হাজার ২শ’ ৬৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে সমপরিমাণ টাকা।
কাউখালীতে কবি সুফিয়া কামালের জন্মদিন উদ্যাপন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ কাউখালীতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ১০২ তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে মহিলা পরিষদের কার্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ রতন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান, কৃষ্ণ লাল গুহ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমাদ্দার, কাউখালী প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক লীলা রায় প্রমুখ।
কলমাকান্দায় ব্র্যাকের নারী সমাবেশ
কলমাকান্দা (নেত্রকোনা) থেকে সংবাদদাতা \ নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরে পল্লী ভবন মিলনায়তনে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অধীনে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক তৃণমূল পর্যায়ের নারী সমাবেশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম ওয়াজেদ আলী তাং আকন্দ।
রানীশংকৈলে গুচ্ছগ্রাম উদ্বোধন
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ রানীশংকৈলের হোসেনগাঁওয়ে মঙ্গলবার ৫০টি ভূমিহীন পরিবারের আবাসন করে সীতাদীঘি গুচ্ছগ্রাম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলওয়ার বখ্ত। পরে তিনি উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান সইদুল হক, ইউএনও এনামুল হক, পৌর মেয়র মকলেসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ওসি রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক সৌজন্য সভায় মিলিত হন।
লস্করদিয়া ইউনিয়ন পরিষদের বাজেট
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বছরের ৪৭ লাখ ৭৯ হাজার ২শ’ ৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইকবাল হোসেন সাব্বির। গত বুধবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে লস্করদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস।
গোপালপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের বৃহস্পতিবার স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
হাজীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ বুধবার হাজীগঞ্জ পৌরসভার রাজস্ব ও উন্নয়নের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আবদুল মান্নান খান বাচ্চু। হাজীগঞ্জ পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নের ৩২ কোটি ৩৩ লক্ষ ৯০ হাজার টাকা।
শেরপুরে মতবিনিময় সভা
শেরপুর প্রতিনিধি \ শেরপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা-সম্ভাবনা ও সার্বিক বিষয় নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার এ.এন. শামসুদ্দিন আজাদ চৌধুরী স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা ও সুধীবৃন্দের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান ইলিয়াছউদ্দিন, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
হোমনা ফুটবলে বাঞ্ছারামপুর পূর্বহাটি চ্যাম্পিয়ন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ মুরাদনগরে রঙ্গিন টিভি ফুটবল টুর্নামেন্টে বাঞ্ছারামপুুর পূর্বহাটি একাদশ হোমনা পৌর একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বুধবার মুরাদনগর চাপিতলা মাঠে ফাইনালটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী জাহাঙ্গীর আলম সরকার।
