গাজীপুর সিটি নির্বাচন

জাহাঙ্গীর সরে দাঁড়ানোয় স্বস্তিতে ১৪ দল

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:৫৯
আওয়ামী লীগের বিদ্রোহী ও সম্মিলিত নাগরিক কমিটির আলোচিত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম গত মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় স্থানীয় আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর পরই নেতাকর্মীরা হতাশা কাটিয়ে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাঙ্গা হয়ে উঠেছে। চার সিটির নির্বাচনের ফলাফলের গ্লানি মুছে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও মহাজোট নেতাকর্মীরা একাট্টা হয়ে মাঠে নেমেছে। ফলে নির্বাচনে ১৪ দল তথা মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম.এ মান্নানের মধ্যে মূল লড়াই হবে। জেলার সকল এমপি, দলীয় উপজেলা চেয়ারম্যান/ ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের লক্ষ্য এখন ভোটের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জয়ের মুকুট ছিনিয়ে আনা। জাহাঙ্গীর আলমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে এক প্রতিক্রিয়ায় আজমত উল্লাহ খান বলেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। আমার বিজয়ের পথ সহজ হবে এবং দলীয় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন। দুই প্রার্থীর গণসংযোগ এদিকে গত বুধবার দিনভর প্রধান দুই জোটের প্রার্থী গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন। ১৪ দল তথা মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে দোয়াত-কলমের পক্ষে টঙ্গী বাজার, ভরান, দক্ষিণ খাইলকুর প্রভৃতি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ খান, ওসমান আলী, রাশেদ খান, কাজী সেলিম, রাশিদুল ইসলাম প্রমুখ। পরে তিনি সন্ধ্যায় জেলা শহরের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তার প্রধান নির্বাচনী সমন্বয়কারী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম মোজাম্মেল হক ও সদস্য সচিব গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নান তার টেলিভিশন প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে গাজীপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. শহীদু্জ্জামান, সুলতান উদ্দীন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক সুরুজ আহমেদ প্রমুখ। পরে তিনি বাঙ্গাল গাছ, বালু চাকুলি, নীলের পাড়া, আদাবই প্রভৃতি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন, পৌর বিএনপি নেতা মেহেদী হাসান এলিস, হাফিজুর রহমান, নাসির উদ্দিন ইকবাল, হাসিবুর রহমান খান মুন্না প্রমুখ।