ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, দেশে চরম সহিংসতায় শিশুদের ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হরতালের সময় পুলিশকে লক্ষ্য কর ইট-পাটকেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ এবং রাস্তায় ব্যারিকেড তৈরি করতে শিশুদের ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘের ইউনিসেফের পক্ষ থেকে রাজনৈতিক কর্মকান্ডে শিশুদের ব্যবহার করার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মিছিল এবং বিক্ষোভের অগ্রভাগে শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। কোমলমতি শিশুদের যখন লেখাপড়া এবং খেলাধুলা করার কথা তখন তাদেরকে সহিংস কাজে ব্যবহার করা হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি এবং চরম মানবতাবিরোধী। রাজনীতিতে ব্যবহারের ফলে শিশুরা শিশুসুলভ আচরণ ভুলে যায়। আচরণে এক ধরনের উন্মাদনা দেখা দেয়। বাংলাদেশ শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ। রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার সংবিধান, আন্তর্জাতিক শিশু সনদ এবং জাতীয় শিশুনীতির পরিপন্থি। শিশুরা জাতির ভবিষ্যত্। অতএব, দেশের সকল রাজনৈতিক দলের কাছে আবেদন রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করবেন না।
মাহতাব আলী, মিরপুর, ঢাকা
