খুলনায় সাড়ে ৩ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি হলো

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৫
সিলেট বিভাগের পর খুলনা বিভাগের তিন হাজার ৪৪৯টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ১৭ জুন সিলেট বিভাগের এক হাজার ৩৬৩টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আদেশ হয়। এ নিয়ে সরকারি হলো মোট চার হাজার ৮১২টি বিদ্যালয়। প্রধানমন্ত্রী গত ৯ জানুয়ারি দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে ২২ হাজার ৯৮১টি এমপিওভুক্ত নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে। এসব বিদ্যালয়ের শিক্ষকরা চলতি বছরের ১ জানুয়ারি থেকে জাতীয়করণের সব সুযোগ-সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপে স্থায়ী-স্থায়ী নিবন্ধনপ্রাপ্ত, পাঠদানের অনুমতিপ্রাপ্ত, কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও নির্মিত/পরিচালিত দুই হাজার ২৫২টি বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে। এছাড়া তৃতীয় ধাপে পাঠদানের অনুমতির সুপারিশ পেয়েছে এবং পাঠদানের অনুমতির অপেক্ষায় রয়েছে এমন ৯৬০টি বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে।