জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ত্রিপুরা আদিবাসী অধ্যুষিত গ্রাম টাকারমনি পাড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউপিডিএফ। স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর স্থানীয় কর্মকর্তারা ইউপিডিএফের এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্য ষড়যন্ত্রমূলকভাবে তারা এ অভিযোগ তুলছেন।
ইউপিডিএফের অভিযোগ, গত মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সংগঠনটির খাগড়াছড়ি জেলা ইউনিট এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন। বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ৪০ পাহাড়ী পরিবারের লোকজনকে অবিলম্বে নিজ বাড়ি-ঘরে ফিরিয়ে এনে তাদের জানমালের নিরাপত্তাসহ পুনর্বাসনের দাবি জানান।
এদিকে গোমতি এলাকায় একটি আঞ্চলিক রাজনৈতিক দল নিরীহ পাহাড়ী ও বাঙালিদের মধ্যে আতংক সৃষ্টিতে তত্পর হয়ে উঠেছে। নিরাপত্তার খাতিরে এলাকায় ২৯ বিজিবি’র পলাশপুর জোনের বিভিন্ন ক্যাম্প থেকে ৬টি টহল দল গত বুধবার থেকে গোমতি এলাকায় অভিযান পরিচালনাসহ টহল তত্পরতা বৃদ্ধি করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৯ বিজিবি’র জোন অধিনায়ক গতকাল বৃহস্পতিবার গোমতি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ইউপিডিএফের চাপে টাকারমনি পাড়ায় বসবাসরত ৩৮টি পাহাড়ী পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।
