হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গত ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলা সম্পর্কে জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদে তার বক্তব্যে বলেছেন শাপলা চত্বরে ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি, হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে রাস্তায় পড়েছিল। পুলিশ টান দেয়ার পর লাশ দৌড় মারলো বলে তিনি যে মন্তব্য করেছেন তা পুরোপুরি অসত্য, চরম বিভ্রান্তিকর এবং জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ বক্তব্য প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সেদিনের ঘটনার ব্যাপারে আপনার আশপাশের লোকেরা হয়তো আপনাকে বিভ্রান্ত করেছে। আপনাকে সঠিক তথ্য দেয়নি। আপনি প্রকৃত ঘটনা না জেনেই হয়তো এমন মন্তব্য করেছেন।
আল্লামা শফী বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শহীদদের লাশ নিয়েও উপহাস করেছেন। আশপাশের কোনো ভবনে গুলির চিহ্ন নেই দাবি করে তিনি বলেছেন, সেদিন কোন গোলাগুলির ঘটনাই ঘটেনি। হেফাজত আমির বলেন, এ ধরনের হালকা মন্তব্য করে প্রধানমন্ত্রী প্রকারান্তরে এদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের রক্ত নিয়েই উপহাস করেছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে এমন চরম দায়িত্বহীন মন্তব্যে আমি বিস্মিত ও হতবাক। তার মন্তব্যে ক্ষোভ ও প্রতিবাদ জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি।
