কোহলির চেয়ে এগিয়ে ধোনি

আপডেট : ১১ মে ২০১৯, ২১:৩৭

স্পোর্টস ডেস্ক

বলা হয়, বিরাট কোহলির মতো ভাগ্যবান অধিনায়ক নাকি ক্রিকেট বিশ্ব খুঁজলে আর পাওয়া যাবে না। ব্যাপারটা খুব বেশি মিথ্যাও নয়, কারণ তাঁর দলেই মহেন্দ্র সিং ধোনির মতো একজন আছেন। ধোনির অভিজ্ঞতা কোহলির অধিনায়কত্বকে বরাবরই বাকিদের চেয়ে এগিয়ে রাখে।

কৌশলগত দিক থেকে আজো ধোনিকেই এগিয়ে রাখেন তার শৈশবের কোচ কেশব বন্দ্যোপাধ্যায়। এমএস ধোনি ক্রিকেট অ্যাকাডেমি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘ম্যাচের পরিস্থিতি বোঝা ও কৌশলগত দিক থেকে ধোনির যা আছে সেটা কোহলির নেই। ধোনি যদি ভারতীয় দলে না থাকতো তাহলে কিছু কিছু কৌশলগত ব্যাপারে কোহলিকে সাহায্য করার মতো আর কেউ থাকতো না।’

বিশ্বকাপে ধোনিকে চার নম্বরে ব্যাট করতে দেখতে চান কেশব। তিনি বলেন, ‘ও যখন চারে ব্যাট করে তখন সময় নিয়ে খেলতে পারে। যখন ওকে পাঁচে বা ছয়ে খেলতে হয়, তখন ওকে কেবলই রানের পেছনে ছুটতে হয়। আমি মনে করি বিশ্বকাপে ওর চার নম্বরে ব্যাট করা উচিত।’

বিশ্বকাপ দিয়েই কি বিদায় বলবেন ধোনি? - এমন এক প্রশ্নের জবাবে একটু রসিকতা করে কেশব বলেন, ‘সত্যিই কি আপনারা চান ধোনি অবসর নিয়ে ফেলুক? আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বয়সেও ও কতটা ফিট। এটাই তো মূল ব্যাপার। আর ধোনি কবে অবসর নেবেন, সেটা ওর বাবা বা স্ত্রীও জানেন না।’ আগামী ২২ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারত। বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ভারতের বিশ্বকাপ মিশন অবশ্য একটু পরে শুরু হবে। আগামী পাঁচ জুন ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।