অভিভূত ফোরল্যানের গোলে সেমির পথে উরুগুয়ে

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:৪৮
দিয়েগো ফোরল্যান জানিয়েছেন, উরুগুয়ের হয়ে নিজের শততম ম্যাচে গোল করতে পেরে তিনি অভিভূত। বিশেষ করে যখন গোলটির সুবাদে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা গত বৃহস্পতিবার নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালের দ্বারপ্রান্তে হাজির হয়। বর্তমানে ৩৪ বছর বয়সী ফোরল্যান ‘বি’ গ্রুপের এ খেলাটির ৫১ মিনিটে বা পায়ের দুর্দান্ত এক শটে জালের উপরিভাগে বলটি জড়িয়ে দিলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পায় কোচ অস্কার তাবারেজের দল। ব্রাজিলে অনুষ্ঠানরত এ মহাদেশীয় প্রতিযোগিতায় এটা ছিল দেশের হয়ে ফোরল্যানের শততম ম্যাচ। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেয়ার সময় তিনি বলেন, ‘এটা হলো ১০০তম খেলা। পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে এটা ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলা। আমি একটা গোলের সুযোগ পেয়েছিলাম এবং তা ছিল অসাধারণ। কারণ দলকে জিততেই হতো এবং আমরা কাঙ্ক্ষিত তিন পয়েন্টই পাই। এটা ছিল খুবই সুন্দর একটা গোল এবং জয়। সবকিছুই ছিল ভাল।’ অস্কার তাবারেজ জানিয়েছেন, তার দলের জয়ের পেছনে কাজ করেছে দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে খেলা। বিশেষ করে তার দল ১৯ মিনিটে অধিনায়ক দিয়েগো লুগানোর গোলে এগিয়ে যাওয়ার পরও যখন চেলসিতে খেলা নাইজেরিয়ার জন মিকেল ওবি সমতা ফেরান। এ প্রসঙ্গে তাবারেজ বলেন, ‘বিরতির সময় আমরা সিদ্ধান্ত নেই খেলাটিতে আমাদের যে শ্রেষ্ঠত্ব ছিল তা ফিরিয়ে আনতে হবে। এর মানে ছিল পরের অর্ধে ভাল খেলা।’ উরুগুয়ের জয়সূচক গোলটিতে অবদান ছিল লুই সুয়ারেজ ও এডিসন কাভানির। ডানপ্রান্ত থেকে এ দুজন বলটি বামদিকে আগুয়ান ফোরল্যানকে বাড়ালে তিনি তীব্র শটে জালে জড়িয়ে দেন। তাবারেজ মনে করেন, ‘লা চেলেস্তা’ নামে অভিহিত দক্ষিণ আমেরিকান দলটির শততম ম্যাচ খেলা প্রথম খেলোয়াড়ের জন্য এটা যথাযথ এক পুরস্কার। তাবারেজ বলেন, ‘দিয়েগো ফোরল্যান এমন একজন মানুষ যার অতীত অসাধারণ এবং সবকিছুর ঊর্ধ্বে। তার বিপুল পেশাদারিত্বের সাথে বিষয়টি মানানসই। ফোরল্যান সম্পর্কে উরুগুয়ে কোচ আরো বলেন, ‘যেভাবে সে দুটো পায়ের ব্যবহার করে এবং বল সামলায়, দুটো মিলিয়েই সে একজন শীর্ষস্থানীয় স্ট্রাইকার। সে আজ তার মেধার প্রমাণ দিল এবং এসব কারণেই তার পক্ষে এতগুলো ম্যাচ খেলা সম্ভব হয়েছে।’ নাইজেরিয়দের জন্য এ হারে পরিস্থিতি কঠিন হয়ে পড়লো। কেননা দলটির গ্রুপ পর্বে শেষ খেলায় মোকাবেলা করতে হবে স্পেনকে যারা বৃহস্পতিবার তাহিতিকে টুর্নামেন্টের রেকর্ড ১০-০ গোলে পরাজিত করে। এরপরও আফ্রিকান চ্যাম্পিয়নদের কোচ স্টিফেন কেশি দলের খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন। কেশি রিপোর্টারদের বলেন, ‘অবশ্যই আমাদের এখনো একটা সুযোগ আছে। ৯০ মিনিটের খেলায় কি ঘটে আপনি বলতে পারেন না। সেজন্যই তো আপনি এটাকে খেলা বলেন। এটা শেষ মিনিট পর্যন্ত সুযোগ দেয়। স্পেনের বিরুদ্ধে যেকোন কিছুই ঘটতে পারে।’ তিনি অবশ্য তাবারেজের আরো অভিজ্ঞ দলের বিরুদ্ধে নিজের তরুণ দলটির খেলার প্রশংসা করেন। বিশেষ করে যখন উরুগুয়ে দলের খেলোয়াড়রা ২০১০ সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলা এবং ২০১১’র কোপা আমেরিকা জয়ী। এজন্য কেশি বলতে পারেন, ‘আমার ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি মুগ্ধ। অন্তত উরুগুয়ে দলের সাথে আমাদের অভিজ্ঞতার ফারাক বিবেচনায়। তাছাড়া দলটি প্রায় ছয় বছর ধরে একসাথে খেলছে। সে তুলনায় আমাদের দলটি একসাথে আছে কেবল দেড় বছর ধরে। কাজেই আমি আশাকরি খানিকটা বাড়তি মনোযোগ এবং পেশাদারিত্ব যোগ করে এ নৈপুণ্য ধরে রাখতে পারবো।’-এএফপি