ইরানের সাথে বিশ্বকাপে কুইরোজও

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:৪৮
কার্লোস কুইরোজ ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত ইরানের জাতীয় ফুটবল দলের সাথে থাকছেন। পশ্চিম এশিয়ার দল ইরান ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটির মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। ইরান চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে। পর্তুগীজ এ কোচের অধীনেই বিশ্বকাপে খেলবে ইরান। গতকাল এমনটাই জানান খোদ কুইরোজ নিজেই। ৬০ বছর বয়স্ক সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কুইরোজ ইরানের এক সংবাদ সংস্থাকে বলেন, ‘আমার চুক্তিটিই এমন। এটা ধাপে ধাপে (ইরানিয়ান) ফুটবল ফেডারেশনের আগ্রহে এগিয়ে চলছে। বিশ্বকাপ বাছাইয়ের দৌড়ে টিকে যাওয়ায় চুক্তির মেয়াদ এখন নবায়ন হয়েছে। চুক্তির মেয়াদ থাকছে বিশ্বকাপ পর্যন্ত।’ ইরান গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে। এই ম্যাচে কুইরোজ এবং কোরিয়ার কোচ চোই ক্যাং হি‘র মধ্যে তপ্ত বাক্য বিনিময় হয়। কোরিয়াও বিশ্বকাপের টিকিট পেয়েছে কিন্তু কোচ চোই পদত্যাগ করেন।