ভেস্তে যেতে বসেছে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০১
কাতারে নতুন কার্যালয় নিয়ে বিতর্কের মুখে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার উদ্যোগ দৃশ্যত ভেস্তে যেতে বসেছে। গত বৃহস্পতিবার নির্ধারিত এই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর পরবর্তীতে কবে তা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, দোহায় তালেবানদের কার্যালয় খোলার বিষয়টি শান্তি প্রক্রিয়ারই অংশ ছিলো। কিন্তু তাদের কার্যালয়ের ধরন তালেবান সরকারের বিদেশি কার্যালয়ের মতো হওয়ায় ক্ষুব্ধ হয়েছে কারজাই প্রশাসন। যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দুই দফা কারজাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। এদিকে, দোহা কার্যালয়ে উত্তোলন করা তালেবানের একটি পতাকা নামিয়ে ফেলা হয়েছে। এছাড়া, কার্যালয়ের বাইরে ‘পলিটিক্যাল অফিস অব ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’ লেখা একটি নামফলকও খুলে ফেলা হয়েছে। কিন্তু একই লেখাসম্বলিত আরেকটি নামফলক সকালেও কার্যালয়ের ভেতরে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ধারণা করা হয়, মার্কিন মিত্র কাতারে তালেবানের ওই দপ্তর প্রতিষ্ঠার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে। কেউ কেউ বলছেন, দোহায় তালেবানের কার্যালয় থাকার মানে হলো, এখন তালেবান শুধু একটি সশস্ত্র গোষ্ঠীই নয়, তাদের রাজনৈতিক শাখাও আছে। এদিকে কার্যালয়ের নামকরণ নিয়ে চলমান পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে কাতার সরকার। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বুধবার রাতে দেয়া এক বিবৃতিতে বলা হয়, তালেবান কার্যালয়ের নাম পরিবর্তন করে ‘পলিটিক্যাল ব্যুরো ফর আফগান তালেবান ইন দোহা’ করা হয়েছে।