সমালোচকরা ‘পর্ণো ব্যবসার’ সঙ্গে জড়িত: মমতা

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০৩
আবারো বেফাঁস মন্তব্য করে সবাইকে তাজ্জব করলেন পশ্চিমবঙ্গের আলোচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গের এক সংবাদ চ্যানেলে মুখ্যমন্ত্রীর সমালোচনাকারীদের ‘পর্ণোগ্রাফির সঙ্গে জড়িত লোকজন’ বলে অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানে এক জনসভায় দেয়া ভাষণে মমতা সংবাদ চ্যানেলের টক শো’র সমালোচনা করতে গিয়ে এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি। খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের। মমতা বলেন, ধর্ষণের ঘটনা নিয়ে টেলিভিশনে আলোচনাকারীরা নিজেদের সমাজকর্মী বলে দাবি করে কিন্তু তারা শুধুমাত্র অর্থের পেছনে ছোটা মানুষ, এমনকি এদের কেউ কেউ পর্নোগ্রাফির সঙ্গেও জড়িত। তিনি আরো বলেন, প্রত্যেক সন্ধ্যায় এ মানুষগুলো একটি-দুটি ধর্ষণের ঘটনা নিয়ে রসালো আলোচনা চালায়। তারা দিনের পর দিন বাংলার মা ও বোনদের অপমান করে আসছে। কিছু ভেঙে পড়া চ্যানেল, যাদের ভবিষ্যত্ অনিশ্চিত, তারা বাংলার জনগণকে অপমান করছে, বাংলার আত্মাকে অপমান করছে। মমতা বলেন, শিশুরা এমন কিছু জেনে যাচ্ছে যা তাদের জানার কথা নয়। এসব চ্যানেলে কাদের ডাকা হয় তা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদের অনেকেই পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। তারা নিজেদের সমাজকর্মী বলে দাবি করে কিন্তু আসলে তারা আসলে অর্থকর্মী। মমতার এ মন্তব্যে রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনীতি বিশ্লেষক ও সুশীল সমাজসহ সব মহলে প্রতিবাদের ঝড় তুলবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। মমতা এমন সময় এ মন্তব্য করলেন ঠিক তার একদিন পর রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়া ও নারীদের নিরাপত্তাহীনতা নিয়ে এবং গত কয়েকদিনে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কয়েকটি নাগরিক সংগঠন কলকাতার রাস্তায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এসব প্রতিবাদ সমাবেশে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চিত্রপরিচালক মৃণাল সেন, কবি শঙ্খ ঘোষ ও উপন্যাসিক মহাশ্বেতা দেবী অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।