শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের এক হোমিওপ্যাথিক চিকিত্সক ডাঃ রেজুয়ান উদ্দিন চৌধুরী। আর দশজন মানুষের মত শারীরিক সক্ষমতা নেই। তবুও এসব প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তার সফলতা। শারীরিক প্রতিবন্ধী ডাঃ রেজুয়ান উদ্দিন চৌধুরীর একটি হাত নেই, অন্যটি অস্বাভাবিক। হাতের শেষ প্রান্তে আছে দুইটি আঙ্গুল। এই দুই আঙ্গুল দিয়েই রোগীদের প্রেসক্রিপসন লিখে থাকেন। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার শিকার তিনি। পড়াশুনায় খুব একটা আগাতে পারেনি। গ্রামের প্রাইমারি স্কুল পাস। তবুও তিনি সফল হোমিওপ্যাথিক ডাক্তার। এটম হোমিও হলের কর্নধার। ১৯৬৭ সালে হোমিওপ্যাথিক লাইনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটও অর্জন করেছেন। যার এইচ.এস.এম (করাচি)। রেজিঃ নং -১৪৭০৫। ডাঃ রেজুয়ান উদ্দিন চৌধুরী জানান, উপজেলার ধরমণ্ডল গ্রামের বড়বাড়িতে তার জন্ম। তার পিতা মরহুম শরীফ উদ্দিন চৌধুরী। তিনি ১৯৬৯ সাল থেকেই ফান্দাউক বাজারের হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে মানুষকে চিকিত্সা দিয়ে আসছেন। প্রথমে ভাড়া ঘরে পরে নিজেই জায়গা ক্রয় করে দোকানসহ বাসা-বাড়ি তৈরি করে স্বপরিবারে বসবাস করছেন। তার বয়স প্রায় ৮০ বছর। তিনি এখনো খালি চোখে পড়াশুনাসহ রোগী দেখে ব্যবস্থাপত্র করে চলছেন। তার তিন ছেলে, ছয় মেয়ে। বড় ছেলে লন্ডনে পড়াশুনা করে, দ্বিতীয় ছেলে বিমান বাহিনীতে চাকরি করেন আর তৃতীয় ছেলে ডি.এইস.এস.এস কোর্সে (হোমিওপ্যাথিক লাইনে) পড়ে। পাশাপাশি পিতাকে দোকানে সহযোগিতা করছেন। আর তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। তার দোকানে প্রতিদিন ৫০/৬০ জন রোগী আসে। রোগীদের ব্যবস্থাপত্র বিনামূল্যে করে থাকেন। শুধুমাত্র ওষুধের মূল্য রাখেন।
