ইংলিশ প্রিমিয়ারের ফয়সালা আজ

ট্রফি কার, সিটি না লিভারপুলের

আপডেট : ১১ মে ২০১৯, ২১:৩৮

এক নজরে

শীর্ষ

দলগুলো

দল                  খেলা       গোলব্যবধান        পয়েন্ট

ম্যান সিটি         ৩৭         ৬৯                    ৯৫

লিভারপুল         ৩৭         ৬৫                    ৯৪

চেলসি             ৩৭         ২৪                    ৭১

টটেনহ্যাম          ৩৭         ২৮                    ৭০

আর্সেনাল          ৩৭         ২০                    ৬৭

ম্যান ইউ           ৩৭         ১৩                    ৬৬

 

 স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটি আজ রাতে ব্রাইটনের মাঠে জয় পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখবে। সেক্ষেত্রে শিরোপার দৌড়ে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী লিভারপুল নিজেদের মাঠে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে জিতলেও লাভ হবে না। তবে নিজেদের জয়ের বিপরীতে সিটির অমঙ্গলই কেবল লিগ জয়ে লিভারপুলের ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটাতে পারে। 

লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক অবশ্য কল্পনাতীত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডেও আশা ছাড়ছেন না, জানালেন যে কোনো কিছু সম্ভব।

কোচ পেপ গার্দিওলার সিটি ৩৭ ম্যাচ শেষে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল আছে দ্বিতীয় স্থানে। অথচ এক সময় সিটি থেকে সাত পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলো অল রেডরা। শেষ ম্যাচে অল রেডদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা উলভারহ্যাম্পটন। অন্যদিকে সিটির প্রতিপক্ষ অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা ব্রাইটন। তাই দৃশ্যত সিটির সম্ভাব্য হারের বিপরীতে লিভারপুলের শিরোপা জয়ের সম্ভাবনা খুব ক্ষীণ।

লিভারপুল অবশ্য দিন চারেক আগেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে তিন গোলের ঘাটতি পুষিয়ে সবাইকে অবাক করে ফাইনাল নিশ্চিত করেছিলো। এমন অলৌকিক কিছুর আশা প্রিমিয়ার লিগ নিয়েও আশাবাদী করে তুলছে লিভারপুলকে।

ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তাই বলেন, ‘শিরোপার লড়াই এখনো পুরোদমে চালু আছে কিন্তু আপনাকে বাস্তববাদী হতে হবে। সিটি পুরো মৌসুম জুড়ে যেভাবে খেলেছে সবাই ভাবছে তাদেরই শিরোপা জেতা উচিত। কিন্তু আপনি জানেন না ভবিষ্যত্ কি নিয়ে অপেক্ষা করছে।’

তিনি আরো বলেন, ‘সবাই ব্রাইটনের কিছু করার ব্যাপারে বলছে। কিন্তু নিজেদের কাজে মনযোগী হওয়া উচিত আমাদের। কেন না এই মৌসুমে উলভসও দারুণ খেলছে এবং সব দলের বিপক্ষে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখা দিচ্ছে।’

সিটি আগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে নিজেদের মাঠে ভিনসেন্ট কোম্পানির একমাত্র গোলে জয় তুলে নিয়েছিল। ২০১৩ সালের পর প্রথমবারের মত দূরপাল্লার শটে গোল পাওয়া কোম্পানি শেষ দিনে মাঠে নামার আগে সতীর্থদের সাবধান করে দিলেন। জানালেন শেষ দিনের উত্তেজনাকে মন থেকে সরিয়েই মাঠে নামতে হবে তার দলকে। কেন না উত্তেজনার বসে পা হড়কালে শিরোপাটাই যে হাতছাড়া হয়ে যেতে পারে!

বেলজিয় এই ডিফেন্ডার স্কাই স্পোর্টসকে বলেন, ‘ম্যাচের দৃশ্যপটটা মাথা থেকে সরানোর চেষ্টা করা উচিত। এটা প্রত্যেকটা শিরোপা জয়ের আগেই অনুভূত হয়। সাধারণ ব্যাপার নিয়ে ভাবতে হবে, যেমন ব্রাইটনের অনেক শক্তির জায়গা আছে এবং কিছু দুর্বলতা আছে। সেগুলোর মুখোমুখি হবার জন্য কৌশল বের করার ব্যাপারে ভাবা উচিত আমাদের।’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের কাছে হেরে বিদায় নিলেও অন্যান্য সব ঘরোয়া শিরোপা জয়ের পথেই আছে গার্দিওলার দল। ব্রাইটনের বিপক্ষে জয় পেলে ৯৮ পয়েন্ট অর্জন করবে তারা। কোম্পানির মতে অসাধারণ এক মৌসুমই পার করছে তার দল।

শেষ দিনে প্রিমিয়ার লিগে অপেক্ষা কেবল শিরোপাজয়ীরই। গেল সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনালের ড্রয়ের ফলে সেরা চার নিশ্চিত হয়ে গেছে আগের রাউন্ডেই। আর্সেনালের শীর্ষ চারের আশা কাগজে কলমে এখনো বেঁচে আছে। সেক্ষেত্রে চারে থাকা টটেনহ্যামকে এভারটনের বিপক্ষে হারতে হবেই, পাঁচে থাকা গানাররা বার্নলিকে হারাতে হবে কমপক্ষে ৮ গোলের ব্যবধানে!

 

 

ক্লপ, না হয় গার্দিওলা-এই দুজনের কেউই পাবেন এই মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি