নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটালেন ইউপি সদস্য তফেল উদ্দিন। জানা যায়, ছোটখাতা উত্তরপাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে বাকিতে মনোনয়নপত্র না পেয়ে খালিশা চাপানি ইউপি সদস্য তফেল উদ্দিন (ওয়ার্ড নং-১) প্রধান শিক্ষক জিয়াউর রহমানকে পিটিয়ে আহত করে। এ সময় প্রধান শিক্ষকের রুমে থাকা আসবাবপত্র ভাংচুর করে প্রধান শিক্ষকের মনোনয়নপত্র বিক্রির ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রধান শিক্ষকের আর্তচিত্কারে সহকারী শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী এগিয়ে আসলে ইউপি সদস্যসহ সঙ্গে থাকা ৬ জন পালিয়ে যায়। প্রধান শিক্ষক জিয়াউর রহমানকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত ইউপি সদস্যসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য তফেল উদ্দিন জানায়, প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি নির্বাচনে দুর্নীতির আশ্রয় নিয়েছে।
