দৈনিক ইত্তেফাকে খবর প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন ৯৬ বছরের বৃদ্ধা কুলছুম বেগম। বুধবার ইত্তেফাকের সারাদেশ বিভাগে “৯৬ বছরেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড ” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের বিষয়টি দৃষ্টিগোচর হলে তারা ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়ে তাকে বয়স্ক ভাতা দেয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার এ সংবাদদাতা বৃদ্ধার বাড়িতে গিয়ে প্রকাশিত প্রতিবেদন আর ভাতার ব্যাপারে জানালে তিনি হাউ-মাউ করে কেঁদে ওঠেন। তার চোখ ঝাপসা হয়ে গেছে অনেক আগেই। তবুও তার মিটিমিটি দৃষ্টিই বলে দিচ্ছিল আনন্দের উচ্ছ্বাস। প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, “তোমাগো অনেকদিন বাঁচাইয়া রাখুক আল্লাহ্ , আমি বাবা আর ক’দিন বাঁচমু”— বলে দীর্ঘশ্বাস ফেলে আর যেন কিছুই বলতে পারছিলেন না। ওই ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন- ইত্তেফাক পত্রিকা আমার চোখ খুলে দিল। এখন থেকে নিয়মিত বৃদ্ধার খোঁজ-খবর নেবেন বলেও জানান তিনি। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন ভূঁইয়া বলেন- আজ বৃহসপতিবার কুলছুম বেগমের বয়স্ক ভাতার কার্ড ইস্যু করা হয়েছে। ইত্তেফাকে এ ধরনের প্রতিবেদন প্রকাশের জন্য তিনি এ প্রতিবেদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
