স্থায়ী নিয়োগের দাবিতে আত্মহননের চেষ্টা

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:১৪
স্থায়ী নিয়োগপত্রের দাবিতে দিনাজপুর শিক্ষাবোর্ডের কর্মচারীদের কর্মবিরতির তৃতীয় দিনে একজন কর্মচারী আত্মহননের চেষ্টা করে। মামুনুর রশিদ নামের ঐ কর্মচারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা চালায়। কিন্তু অন্য কর্মচারীরা দেখতে পেয়ে তাকে বাধা দেয় এবং আত্মহননের চেষ্টা থেকে বিরত রাখেন। এসময় বিক্ষুব্ধ কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মচারীরা চেয়ারম্যানের রুমে প্রবেশ করে তাদের স্থায়ী নিয়োগ প্রদানের জোরালো দাবি জানান। কিন্তু বোর্ড চেয়ারম্যান হাইকোর্টের নির্দেশনার বাইরে কোন কিছু না করার অপারগতা প্রকাশ করেন। উল্লেখ্য, ৮৪ জনের বাইরে আরও ২২ জন কর্মচারীর বয়স না থাকায় তাদের চাকরির জন্য মনোনীত করা না হলে ওই সকল কর্মচারী হাইকোর্টে ৮৪ জনের নিয়োগাদেশ স্থগিত চেয়ে রিট করলে আদালত তাদের পক্ষে রায় দেয়।