চন্দনবাইশা বাজারের হাটসেড ভেঙে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:১৪
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী ভাঙনের অজুহাত দেখিয়ে এলাকার ঐতিহ্যবাহী চন্দনবাইশা বাজারের সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে এলজিইডি কর্তৃক নির্মিত হাটসেড অবৈধভাবে ভেঙে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। জানা গেছে, ১৭ জুন চন্দনবাইশা হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শাহ জিহাদুল ইসলাম জিহাদ চন্দনবাইশা হাট স্থানান্তর ও হাটের মধ্যে ৬টি হাটসেড, ৩টি কড়ইগাছসহ ৫০টি গাছ যমুনা নদীর ভাঙনের মুখে পড়ায় হাটসেডগুলো স্থানান্তর এবং গাছগুলো বিক্রির জন্য জেলা প্রশাসক বগুড়া ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। এই সুযোগে প্রশাসনের অনুমোদন ছাড়াই আওয়ামী লীগ নেতারা হাটসেডগুলো ভেঙে নেয়ায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও হাটসেডের মালামাল রক্ষাণাবেক্ষণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে । গত বুধবার সরেজমিনে দেখা যায় স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হাটসেডগুলো ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ মো.শহিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। ইউপি চেয়ারম্যান শাহ জিহাদুল ইসলাম জিহাদ বলেন, আমাকে না বলেই অনুমোদন ছাড়া হাটসেডগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ওই নেতা জানান, হাট ইজারাদার ও উপজেলা চেয়ারম্যানের সাথে আলোচনা করে হাটসেডগুলো ভেঙ্গে প্রস্তাবিত নতুন হাটে সরিয়ে নেয়া হচ্ছে।