সুন্দরগঞ্জের ৫২ শিক্ষার্থীর ভবিষ্যত্ অনিশ্চিত

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:১৫
উপজেলার ডি ডব্লিউ ডিগ্রী কলেজ থেকে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেয়া ১ম বর্ষের ৫২ জন শিক্ষার্থীর ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ওই কলেজ থেকে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে বিএ প্রথম সেমিস্টার পরীক্ষায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নিয়ে মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়। এর মধ্যে উক্ত কেন্দ্রের ১ নম্বর কক্ষে ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। গত ১৭ জুন রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করলে ডি ডব্লিউ ডিগ্রী কলেজে ৫২ জন পরীক্ষার্থী তাদের ফলাফল জানতে না পেরে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ওই সকল ছাত্র-ছাত্রী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছামাদ সরকারের নিকট ফলাফল প্রকাশ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে এবং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলানোর হুমকি দেয়। পরে অন্য শিক্ষকদের সহযোগিতায় বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা চলে যায়। এ ব্যাপারে অধ্যক্ষ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফলাফল সংক্রান্ত কাগজপত্র না আসা পর্যন্ত প্রকৃত কারণ খুঁজে পাওয়া সম্ভব নয়।