ধামরাইয়ে ফরমালিনযুক্ত আমের ক্রেতা নেই

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:১৬
ফরমালিনযুক্ত ভেজাল খাদ্যে সারাদেশ ছয়লাভ হয়ে গেছে। শুধু ফরমালিন খাদ্যকে বিষাক্ত করছে তা নয়। ফরমালিনের মধ্যেও ভেজালের খবরটি দেশবাসিকে মারাত্মকভাবে আতংকগ্রস্ত করে তুলেছে। ইতিমধ্যে ফরমালিনযুক্ত খাবার বর্জন করতে শুরু করেছে দেশবাসী। প্রভাব পড়েছে আমের বাজারে। ধামরাইয়ে প্রতিকেজি আমের দাম নেমে এসেছে ৪০-৪৫ টাকায়। তবু তেমন বিক্রি হচ্ছে না, যেমনটি হবার কথা। শুধু আম নয়, অন্যান্য ফলমূল ও খাদ্যদ্রব্যের উপরও প্রভাব পড়তে শুরু করেছে। ভেজাল খাদ্য সম্পর্কে ভোক্তার সচেতনতা বৃদ্ধির কারণেই এমনটি হয়েছে। আম বিক্রেতাদের অনেকে মন্তব্য করেন ভেজালের কারণে আম বিক্রি হচ্ছে না। ফলে একদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ক্রেতারা সুস্বাদু আমের আস্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। বেসরকারি সংস্থা ‘সজাগ’-এর উদ্যোগে ধামরাই-এর বিভিন্ন এলাকায় উত্পাদিত হচ্ছে বিষমুক্ত শাক-সব্জি। পর্যায়ক্রমে দেশবাসিকে বিষমুক্ত নির্ভেজাল খাদ্য সরবরাহ নিশ্চিত করাই ‘সজাগ’-এর লক্ষ্য বলে জানালেন ওই প্রতিষ্ঠানের পরিচালক এম এ মতিন।