কালকিনির ৩ গ্রামে গ্রেফতার আতংক

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:১৭
মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে হামলা চালিয়ে মেরাজ সরদার (৪৫) নামের এক সৌদি প্রবাসীর হাত ও পায়ের রগ কর্তনের ঘটনায় মামলা হলে ইচাগুড়া, বাঘাকান্দি ও খানকান্দি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িতে মহিলাদের জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে জানা যায়, উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাসির খানের সাথে চুন্নু বেপারীর বিরোধ চলে আসছিল। গত ৪ জুন নাসির খানের সমর্থকরা চুন্নু বেপারীর সমর্থক মেরাজ সরদারকে বাড়িতে বসে এলোপাতারিভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন করে। এ ঘটনায় থানায় মামলা হলে এলাকা পুরুষশূন্য হয়ে পড়লে চুন্নু বেপারীর সমর্থক ধলু সরদার ওরফে লাদেন, হাকিম সরদার ও আনিস সরদারের নেতৃত্বে নাসির খানের সমর্থক মজিদ শিকদার, নয়ন হাওলাদার, জসিম খান, আবুল খান ও জলিল সরদারসহ অর্ধশতাধিক সমর্থকের ঘর-বাড়ি লুটপাট করে। পুরুষ না থাকায় বাড়িতে মহিলারা জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছে। তারা কিছু বলতে চাইলে চুন্নু বেপারীর সমর্থকরা তাদের বাড়ি থেকে বের করে দেয়। এ ব্যাপারে সাবিনা ইয়াসমিন, রেকসনা, মাহেরুন, সোমেলা বেগম, আলেয়া বেগম ও সোনিয়া বেগম অভিযোগ করে বলেন, চুন্নু বেপারীর লোকজন রাতের আঁধারে ঘরের পাশে এসে বাজে কথা বলে। কালকিনি থানার (ওসি) নাজমুল হুদা বলেন, থানায় মামলা হওয়ার কারণে নাসির খানের লোকজন পালিয়ে আছে। কোন ধরনের অভিযোগ পেলেই আমরা ঘটনাস্থলে পুলিশি পাহাড়া বসাই। তবে মহিলাদের উত্ত্যক্ত করার কোন অভিযোগ আমাদের কাছে নেই।