তাড়াশে সড়ক দুর্ঘটনায় মহিলার মুত্যু
চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ তাড়াশে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার সময় এক মহিলা মারা গেছে। শুক্রবার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ১০নং ব্রিজের পূর্বপার্শ্বে রাস্তা পারাপারের সময় নাদোসৈয়দপুর খামার পাড়া গ্রামের মৃত আরশেদ আলীর স্ত্রী কুলসুম বেওয়া (৬৫) মেয়ের বাড়ি যাবার জন্য এ পার্শ্ব থেকে ওপার্শ্বে যাওয়ার চেষ্টা করলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলে সে মারা যায়।
রূপগঞ্জে পৌরসভার উচ্ছেদ অভিযান
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তহসিল অফিসের সম্পত্তি অবৈধ দখলদারদের বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। এ সময় উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল জাকির, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম শরিফুল আলম নেতৃত্ব দেন। বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও প্রশাসনিক কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে অংশ নেয়।
মহেশখালীর পৌর মেয়র সংবর্ধিত
মহেশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা \ দীর্ঘ প্রতিক্ষার পর মহেশখালী পৌরসভার বর্তমান মেয়রের প্রচেষ্টায় মহেশখালী পৌরসভা ‘গ’ গ্রেড থেকে ‘খ’ গ্রেডে উন্নীত এবং রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়া ও ভিয়েতনাম সফর করায় মহেশখালীতে সংবর্ধিত হয়েছে মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। এ উপলক্ষে ২০ জুন পৌর নাগরিক কমিটির ব্যানারে স্থানীয় দিঘীর পাড়ে মহেশখালী পৌর মেয়রকে সংবর্ধনা দেয়া হয়।
নীলফামারীতে ৬৬ পদে ৪২১৩ পরীক্ষার্থী
নীলফামারী প্রতিনিধি \ নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের ৬৬ পদে ৪২১৩ জন প্রার্থী গতকাল শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন । অবিশ্বাস্য মনে হলেও ৪ আয়া পদে চাকরি প্রত্যাশী ২১১ জন, টি.এফ.পি.এ ৩ পদে ১১২৯ জন, এফ.পি.আই ১৯ পদে ১৪৯৩ জন এবং এফ.ডাব¬ু.এ ৪০ পদে ১৩৮০ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন বলে পঃ পঃ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহবান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি টেলিভিশন ৭১’র প্রথম বর্ষ পুর্তি পালিত হয়। গতকাল সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে পাঠাগার মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম। ৭১ টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন এতে সভাপতিত্ব করেন।
নন্দীগ্রাম প্রেসক্লাবে মেরিন ইঞ্জিনিয়ারকে সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ ২০ জুন সাড়ে ৫ টায় নন্দীগ্রাম প্রেসক্লাবে নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামের কৃতীসন্তান বিশিষ্ট সমাজসেবক মেরিন ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন সোহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সহ-সভাপতি আ.বারীক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক এ আজম, দপ্তর সম্পাদক শফিউল আলম বিপুল।
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলন
সারিয়াকান্দি(বগুড়া)সংবাদদাতা\ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে শ্রী শ্রী যুগোল কিশোর মন্দিরে অনুষ্ঠিত হয়। বাবু রথীন্দ্রনাথ সাহার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন সিংহ।
সালথায় আওয়ামী লীগের কাউন্সিল
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের প্রথম কাউন্সিল গতকাল শুক্রবার সালথা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস.এম নুরুনবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।
তুরাগে পিস্তলসহ গ্রেফতার তিন
টংগী (গাজীপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার রাতে তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: মো. মোস্তাকিন খান, মারুফ হোসেন, মো. আশিকুর রহমান।
মাদারীপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি \ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এম.পি গতকাল শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি \ জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জীবনের সন্ধানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে আব্দুস সামাদ আজাদ মিলনায়তনে উপজেলার ১০জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
মাগুরায় ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী
মাগুরা প্রতিনিধি \ শুক্রবার মাগুরায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ৭১ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় কফি হাউজ মিলনায়তনে এ উপলক্ষে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবির।
মদনে অবৈধ জাল ভস্মীভূত
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ মদন উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নের হাওরে এসআই খোরশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২টি কারেন্ট জাল ও ৪টি কনা জাল জব্দ করেছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
হোমনায় নবজীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা হোমনা উপজেলায় নবজীবন স্বেচ্ছায় রক্তদান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্ল। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আ. হক সরকার, যুবলীগ নেতা মেজবাহউদ্দিন, সংগঠনের পরিচালক দেলোয়ার হোসেন, মো. সেলিম, ছাত্রনেতা নূরুজ্জামান প্রমুখ।
সিরাজদিখানে পানিতে পড়ে শিশুর মৃত্যু
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামে পানিতে পড়ে খুশবু নামের এক শিশু মারা গেছে। তার বয়স ১৮ মাস। শুক্রবার পুকুরে ডুবে মারা যায় খুশবু। তার পিতার নাম মো. মিন্টু। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বোদায় এ্যাডভোকেসী সভা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বৃহস্পতিবার বোদায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণকল্পে এ্যাডভোকেসী সভা উপজেলা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়। এ্যাসোসিয়েশন ফর কমিউিনিটি ডেভেলপমেন্ট-এসিডি এই এ্যাডভোকেসী সভা আয়োজন করে। বোদা সদর ইউ’পির সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ললিত মোহন রায়।
ত্রিশালে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অক্সফোট কিন্ডার গার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠান স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাস কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি পদের নির্বাচন। ৩ জন প্রার্থীর মধ্যে মোঃ ইসমাইল মিয়া ৮৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হন।
বাজিতপুরে প্রশিক্ষণ কর্মশালা
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার বাজিতপুরে অভ্যন্তরীণ নৌযানের গ্রীজার ও সুকানীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও পরীক্ষা গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফখরুল ইসলাম। বাজিতপুর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে বাংলাদেশ বাল্কহেড নৌযান মালিক সমিতির সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাজিতপুর কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন।
গাংনী পৌরসভার বাজেট ঘোষণা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ অবকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী পৌরসভার ২০১৩-২০১৪ অর্থবছরের জন্য ১৬ কোটি ৫৬ লাখ টাকার বেশি বাজেট ঘোষণা করা হয়েছে। গাংনী পৌর মেয়র আহমেদ আলীর উপস্থিতিতে বাজেট পড়ে শোনান পৌরসভার হিসাব রক্ষক জুলফিকার আলী।
মঠবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্ট
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার শহীদ মোস্তফা খেলার মাঠে শুরু হয়েছে। উদ্বোধন করেন মঠবাড়িয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রবীণ শিক্ষক মোঃ জয়নাল আবেদীন।
ঘিওরে আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ ঘিওর উপজেলা আ’লীগ নেতা ও বড়টিয়া ইউপি মেম্বার আবেদ আলীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ঘিওর উপজেলা যুবলীগ সভাপতি আবু সাইদের সভাপতিত্বে বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্রাইট গ্রুপ চেয়ারম্যান রেজাউল করিম উজ্জ্বল, ঘিওর আ’লীগ সভাপতি আব্দুল খালেক বিএসসি, লাভলু দর্জি, আবুল খায়ের সিদ্দিকী, আতাউর রহমান, মুরাদ ভূইয়া, সোহাগ হোসেন, রওশন আলম, আবু সাইদ প্রমুখ বক্তব্য রাখেন।
বরুড়ার গালিমপুরে রবিউল চেয়ারম্যান নির্বাচিত
কুমিল্লা প্রতিনিধি \ দীর্ঘ ১৮ বছর পর কুমিল্ল¬ার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বেসরকারি ফলাফলে রবিউল আলম (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ৩ হাজার ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সম্মুখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে পৌর মহিলা দলের সভাপতি আমিনা খাতুনের সভাপত্বিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, রোকেয়া বেগম, রুপায়দা বেগম, আ: বারী সুরুজ।
ডেমরা কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রী পরীক্ষায় কৃতকার্য ডেমরা কলেজের শিক্ষার্থীদের বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইউনুস মোল্লা। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা।
রানীহাটি ইউপির বাজেট ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ নং রানীহাটি ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য ৭২ লাখ ৪৪ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো দুরুল হোদা বৃহস্পতিবার রামচন্দ্রপুরহাট মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে উন্মুক্ত পরিবেশে এ বাজেট ঘোষণা করেন।
